আগামী বিশ্বকাপ ১০ দলেরই
রান-বন্যা আর সহযোগীদের দারুণ পারফরম্যান্স, সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দুটি বিষয়। রান-বন্যা প্রসঙ্গে বারবারই উঠে আসছে বৃত্তের বাইরে চার ফিল্ডারের নিয়ম। সহযোগীদের পারফরম্যান্স যেমন বারবার মনে করিয়ে দিচ্ছে, আগামী বিশ্বকাপ নেমে আসছে ১০ দলে। প্রথমটি আংশিক বদলাতে পারে কদিন পরই। কিন্তু পরেরটি নয়! আইসিসি-প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন সাফ জানিয়ে দিয়েছেন, ১০ দলের বিশ্বকাপ থেকে সরে আসার কথা বিবেচনার অবকাশও নেই!
টুকটাক প্রতিবাদ চলে আসছিল সিদ্ধান্তটি নেওয়ার পর থেকেই। এবারের বিশ্বকাপে সেটি রূপ নিয়েছে প্রায় সরব প্রতিবাদে। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড তো বেশ কঠিন ভাষাতেই সমালোচনা করেছেন আইসিসির। কম যাননি স্কটিশ অধিনায়ক প্রেস্টন মমসেন। বর্তমান, সাবেক আরও অনেক ক্রিকেটার, বিশেষজ্ঞরা দাবি তুলেছেন ১০ দলের বিশ্বকাপ থেকে সরে আসতে। আইসিসি দূত শচীন টেন্ডুলকার পর্যন্ত বলেছেন, বিশ্বকাপ হওয়া উচিত ২৫ দলের। কিন্তু সব দাবিই মুখ থুবড়ে পড়ছে আইসিসির দুয়ারে। অস্ট্রেলিয়া-ভারত বিশ্বকাপ সেমিফাইনাল চলার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিচার্ডসন বলেছেন, ‘এই বিশ্বকাপেই ১০ দলে নামিয়ে আনার কথা হয়েছিল। কিন্তু সে সময় করা হয়নি। এখন সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে, পুনর্বিবেচনার সুযোগ নেই। আয়ারল্যান্ড হোক বা আফগানিস্তান, কিংবা বিশ্বের ১১ নম্বর দল, ১০ নম্বরে থাকতে না পারলে কোয়ালিফাই করার কোনো সুযোগ নেই।’
বৃত্তের বাইরে চার ফিল্ডার রাখার নিয়মটিও সমালোচনা সঙ্গে নিয়ে চলছে শুরু থেকেই। ব্যাটিং-বোলিংয়ের সাম্য খুব বাজেভাবে নষ্ট করেছে এই নিয়ম, ওয়ানডে স্পিনারদের ভূমিকাও বাধাগ্রস্ত হচ্ছে ভীষণভাবে। মহেন্দ্র সিং ধোনি তো বরাবরই এটির বিপক্ষে। পরশু সেমিফাইনাল ম্যাচ শেষে ভারত অধিনায়কের কণ্ঠে আবারও নিয়ম বদলানোর দাবি, ‘আমার ব্যক্তিগত মত হলো, এই নিয়ম বদলাতে চাই। এই দেখুন, ওয়ানডে ইতিহাসে কোনো ডাবল সেঞ্চুরিই ছিল না আগে। এই নিয়মের পর গত তিন বছরে তিনটি ডাবল সেঞ্চুরি (আসলে ছয়টি) হয়েছে। অনেককেই বলতে শুনেছি, বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার থাকায় ডট বল বেশি হচ্ছে। এটাই যদি যুক্তি হয়, তাহলে ১১ জনকেই ভেতরে আনুন, আরও ডট হবে! ৫০ ওভারের ক্রিকেটকে টি-টোয়েন্টি বানিয়ে ফেলা ভুল হবে। চার-ছয় বেশি হলে সেটাও দেখা বিরক্তিকর।’
পরশু ধোনির এই কথার আগেই অবশ্য আইসিসি-প্রধান নির্বাহী নিয়মটি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন, ‘আইসিসি ক্রিকেট কমিটি আবার প্লেয়িং কন্ডিশনগুলো খতিয়ে দেখবে। আমরা হয়তো শেষ ১০ ওভারে বৃত্তের বাইরে আরেকজন ফিল্ডার বাড়িয়ে দিতে পারি। এটি হতে পারে সুবিবেচিত পরিবর্তন।’ ক্রিকবাজ।