আগামী মাসেই ফিরছেন আমির?

অপেক্ষার প্রহর তবে কাটছে মোহাম্মদ আমিরের? স্পট ফিক্সিংয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মাসেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে পাকিস্তানের পেসারের। আগামী সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় জানা যাবে,২২ বছর বয়সী পাকিস্তান পেসার আসলে কবে ফিরতে পারবেন।
আইসিসি দুর্নীতিবিরোধী বিধি অনুযায়ী, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে একজন খেলোয়াড় তাঁর দেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন। গত নভেম্বরে আমিরের আচরণ পুনর্মূল্যায়নের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার লাহোরে ২২ বছর বয়সী পেসারের সঙ্গে কথা বলেন আইসিসির সংশ্লিষ্ট কর্তারা। গত বছর আমিরের শাস্তি শিথিলের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা আবেদনও করা হয়েছে আইসিসি বরাবর। সবকিছু বিবেচনা করে আসছে সপ্তাহেই আমিরের ব্যাপারে আইসিসি একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবে বলে অনুমান করা হচ্ছে।
তবে পিসিবির এক মুখপাত্র মোটামুটি নিশ্চিতই করেছেন আমিরের ফেরা। মুখপাত্র আগা আকবর বললেন, ‘আমির খুব সম্ভবত ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পাচ্ছে। ’ গত সপ্তাহে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে আমিরের পারফরম্যান্স দেখা হবে।
মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আমির। দ্রুতই পেয়েছিলেন যশ-খ্যাতি। এসেছে অর্থ। সেই অর্থের লোভেই পা হড়কে এখন পাঁচ বছরের নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ২০১০ সালের আগস্ট থেকে ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। নির্বাসিত জীবন এখন শেষের দিকে। তথ্যসূত্র: এএফপি।