আগামী সপ্তাহে ফিরছেন মুস্তাফিজ

প্রথমে ঠিক হয়েছিল আগামী পরশু (শুক্রবারে) দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। পরে সিদ্ধান্ত বদলেছেন। শুক্রবার নয়, বাংলাদেশ বিমানের ফ্লাইটে মুস্তাফিজ দেশে ফিরবেন আগামী শনি বা রোববার। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী ফিরে আসছেন শুক্রবারেই।
ওদিকে অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করে আজ সুখবরই শুনেছেন ‘কাটার মাস্টার’। অস্ত্রোপচার-পরবর্তী কোনো জটিলতা নেই তাঁর বাঁ কাধে। এখন পর্যন্ত হওয়া উন্নতিতে বেশ সন্তুষ্ট ওয়ালেস। তাঁর সঙ্গে দেখা করতে আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মুস্তাফিজ। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর অবস্থার উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন শল্যবিদ ওয়ালেস। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তাঁরা। মুস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচ মাসের মধ্যে মুস্তাফিজ সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা দেবাশিসের। তবে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই। ব্যাটিংও করতে পারবেন তখন থেকেই।