আগামীকালই বোঝা যাবে ইংল্যান্ড আসছে কি না?

বাংলাদেশ সফর করার জন্য কোনো খেলোয়াড়কেই চাপ দেবে না ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান কাল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় এর আগে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করেনি। গত ১ জুলাই সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার পর অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ভারত ও বাংলাদেশে সফর করার আগে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখে গেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগামীকাল ইংল্যান্ডের ওয়ানডে দলকে এ ব্যাপারে জানানো হবে। এরপর ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা পাবেন এই সফরের ব্যাপারে ব্যক্তিগত মত দেওয়ার। তখনই একটা ধারণা পাওয়া যেতে পারে এই সফরে ইংল্যান্ড আসছে কি না। আর এই সফরে খেলোয়াড়েরা আসবেন কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে নিরাপত্তা দলের দেওয়া ধারণার ওপরই।
ইসিবির পক্ষ থেকে কোনো খেলোয়াড়কে এই সফরে যেতে বাধ্য করা হবে না জানিয়ে বিবিসি ফাইভকে মরগান বলেছেন, ‘কোনো নির্দিষ্ট সফরের ব্যাপারেই কাউকে কখনো বাধ্য করা হবে বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো পুরো দল একসঙ্গে হয়ে সেখানে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যাদের ওপর আমাদের আস্থা আছে।’
পূর্ণ সফর হলেও আগে ওয়ানতে দলেরই বাংলাদেশে আসার কথা। মরগানের নেতৃত্ব ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়ানডে দল দেশ ছাড়বে বলে ঠিক করা আছে। সফরের ব্যাপারে বোর্ড যদি সবুজ সংকেত দেয়, তাহলে তার ওপর আস্থা রাখতে চান মরগান, ‘আমি খোলা মন নিয়েই তাকিয়ে আছি। আমাদের নিরাপত্তা দলের কাছ থেকে কিছু না শোনা পর্যন্ত আপনি কিছুই বাতিল করে দিতে পারেন না। বছরের পর বছর ধরে ইসিবি আমাদের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নিয়েছে। এর আগে আমরা কখনোই কোনো ঝুঁকিতে পড়িনি।’
এর আগে পেসার জেমস অ্যান্ডারসনও বলেছিলেন, বোর্ড বলছে এই সফরে যেতে তাঁর আপত্তি নেই। আর সহকারী কোচ পল ফারব্রেস বলেছিলেন, নিরাপত্তা ঝুঁকি থাকলেও এই সফরে যাওয়া উচিত ইংল্যান্ডের। সূত্র: বিবিসি ও রয়টার্স।