আগে জানলে টেন্ডুলকারের কাছে প্রতিদিন ছক্কা খেতেন শোয়েব

একটা সময় ছিল শচীন টেন্ডুলকার আর শোয়েব আখতারের দ্বৈরথে বুঁদ ছিল ক্রিকেট বিশ্ব। বিশেষ করে নব্বই আর তার পরের দশকে। সেই সময়েই ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নের এক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শোয়েব আখতারকে একটি ছক্কা মেরেছিলেন টেন্ডুলকার। যেটি ভারতীয়রা এখনো মনে রেখেছে এবং সুযোগ পেলেই সেই ম্যাচ আর ওই ছক্কাটি তাঁরা দেখেন বলেও ধারণা পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েবের।
পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচগুলোই ভারত টেলিভিশনে পুনঃপ্রচার করে বলে মনে করেন শোয়েব। আর কারণটাও তিনি বোঝেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানের সাংবাদিক জয়নাব আব্বাসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের হারা ম্যাচগুলো টেলিভিশনে পুনঃপ্রচার করলে ভারতীয়রা খুব মন খারাপ করে আর সেটা দেখবেও না। এমনটা হলে টেলিভিশনের টিআরপি কমে যাবে।
টেন্ডুলকারের সঙ্গে নিজের দ্বৈরথ নিয়ে শোয়েব বলেছেন, ‘শচীন আমার খুব ভালো বন্ধু। সে অসাধারণ একজন মানুষ আর খুব বিনয়ী। সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। কিন্তু আমি হয়তো তাকে ১২-১৩ বার আউট করেছি।’
২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নের সেই ম্যাচে ৭৫ বলে ১২ চার ও একটি ছয়ে ম্যাচজয়ী ৯৮ রান করেছিলেন টেন্ডুলকার। বিশ্বকাপে টেন্ডুলকারের অন্যতম সেরা ইনিংসও ধরা হয় সেটিকে। একমাত্র ছক্কাটি টেন্ডুলকার মেরেছিলেন শোয়েবের একটি বাউন্সারে। সেই ছক্কার প্রসঙ্গে বলতে গিয়ে শোয়েব বলেছেন, ‘সেঞ্চুরিয়নে সে আমাকে একটি ছক্কা মেরেছিল। যেটি ভারতীয়দের খুব আনন্দ দিয়েছিল। তারা ওই ছক্কাটি বারবার টেলিভিশনে দেখায়। আমি যদি আগে জানতাম একটি ছক্কা ১ কোটি ৩০ লাখ মানুষকে এত আনন্দ দেয়, তাহলে প্রতিদিন (টেন্ডুলকারের কাছে) একটি করে ছক্কা খেতাম!’