১৯৯৮ থেকে ২০২২—মাঝে সময়ের চাকা গড়িয়েছে ২৪ বছর। ২৪ দিনেই কত কী বদলে যায়, ২৪ বছর তো অনেক সময়! এর মধ্যে আরব সাগরে পানি অনেক গড়িয়েছে। ওসামা বিন লাদেনের পতন হয়েছে। বদলে গেছে পাকিস্তানের আতিথেয়তার ধরনও। এবার অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তানে পা রাখা দলটির ‘সুপার ফ্যান’ লুক গিলিয়ানও সেটা ভালোভাবেই টের পাচ্ছেন।
ইংল্যান্ড ক্রিকেট দলের যেমন ‘বার্মি আর্মি’ আছে, অস্ট্রেলিয়া দলেরও কট্টর সমর্থকদের এমন একটি গ্রুপ আছে। সেই গ্রুপকে বলা হয় ‘ফ্যানাটিকস’ বা ‘সুপার ফ্যান’! অস্ট্রেলিয়া দল যেখানেই যায়, ফ্যানাটিকসরা ছায়াসঙ্গীর মতো সেখানেই হাজির হন। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরেও এর ব্যতিক্রম নয়। এবার সেখানে বেশ ভালো আতিথেয়তাই পাচ্ছেন অস্ট্রেলিয়ার সমর্থকেরা।
১৯৯৮ সালেও অস্ট্রেলিয়া দলকে অনুসরণ করে পাকিস্তান গিয়েছিলেন সুপার ফ্যান গিলিয়ান। এবারও সুপার ফ্যানদের ছোট এক দলের সঙ্গে এখন পাকিস্তানে। ২৪ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন গিলিয়ান। ১৯৯৮ সালে পাকিস্তানে গিয়ে নাকি খুবই বৈরী আচরণের শিকার হয়েছিলেন তিনি। সেবার তাঁর দিকে কেউ কেউ পাথর বা ঢিলও ছুড়ে মেরেছিলেন। আর এবার তাঁকে দেখলেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছেন পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা।
২৪ বছরের মধ্যে এবারই প্রথম পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের অন্যতম পরাশক্তি দলটিকে সর্বোচ্চ আতিথেয়তা দেওয়া হচ্ছে। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তা। সে তো পাকিস্তান দেবেই, অস্ট্রেলিয়ার এ সফর দিয়েই যে পাকিস্তানে পুরোদমে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।
২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দলগুলো পাকিস্তান সফর বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি অবশ্য শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়েসহ অনেক দলই পাকিস্তান সফর করে এসেছে। সেখানে সফলভাবেই হচ্ছে পিএসএল। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে নিরাপত্তার সমস্যা দেখিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরে যায়। এরপর ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দলই তাদের সফর বাতিল করে। শঙ্কা ছিল অস্ট্রেলিয়ার সফর নিয়েও।
সব শঙ্কা দূর করে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে পা রেখেছে। তাদের বাড়তি সমাদর তো করতেই হবে! ১৯৯৮ সাল আর এবারের আতিথেয়তা নিয়ে গিলিয়ান বলেছেন, ‘সেবার বাইরে বের হওয়াটা খুবই বিপজ্জনক ছিল। যখনই বাইরে যেতাম, দেখতাম, প্রচুর মানুষ রাস্তায় হাঁটছে এবং কেউ কেউ আমাকে পাথরও ছুড়ে মেরেছে।’ আর এবারের পরিস্থিতি নিয়ে তাঁর কথা, ‘রাওয়ালপিন্ডিতে তো মনে হয় ৫০০ ছবি তুলতে হয়েছে মানুষের সঙ্গে।’
শুধু সেলফি তোলাতেই পাকিস্তানের আতিথেয়তা আটকে নেই। ৫১ বছর বয়সী গিলিয়ান বলে চলেন, ‘আমার ঠিক মনে নেই বা হিসাব করে বলতে পারব না যে আমাকে কত কাপ চা যে তারা পান করিয়েছে। কত কেক যে আমাকে খেতে দিয়েছে আর পেপসি বা পানির কতগুলো বোতলই-বা এনেছে। এর সঙ্গে বিনা পয়সায় চুল কাটা আর কাপড় ধোয়া বা ইস্তিরির ব্যাপার তো আছেই।’