
ক্রিকেটার হিসেবে তাঁর তুলনা শুধুই তিনি। বর্তমান প্রজন্মের অসংখ্য ক্রিকেটারের আদর্শ, আদর্শ ছিলেন অনেক সমসাময়িকেরও। জাভেদ মিয়াঁদাদ সরাসরিই বলেছিলেন, ভালো ক্রিকেটার হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শচীন টেন্ডুলকারকে অনুসরণ করা। শুধু টেন্ডুলকারকে ভালোবেসে ক্রিকেট ভালোবেসেছেন কোটি কিশোর-তরুণ। আরও অনেক প্রজন্ম হয়তো বেড়ে উঠবে তাঁকে আদর্শ মেনেই। এটা টেন্ডুলকারও জানেন। আর জানেন বলেই নিজের জীবনে সব সময় মেনে চলেছেন, এমন একটা পরামর্শ দিলেন তাঁর পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের। সেই পরামর্শ ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার।
স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে পরশু দিল্লির বিজ্ঞান ভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলেটদের সংবর্ধনার আয়োজন করেছিল ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। সেখানেই অতিথি হয়ে গিয়েছিলেন টেন্ডুলকার। খুব স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের মধ্যমণি তিনি। পরে নিজের বক্তৃতায় তরুণ অ্যাথলেটদের শুনিয়েছেন তাঁর সেই জীবন-দর্শনের কথা, ‘আমার বাবা আমাকে দুটি উপদেশ দিয়েছিলেন এবং আমি মনে করি সেই কথাগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এটাই সঠিক সময়। আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, বাবা বলেছিলেন, তুমি যদি ভালো ক্রিকেটার হও, তাহলে হয়তো ১৫ বছর ধরে খেলবে। যদি আরও ভালো ক্রিকেটার হও তাহলে ২০ বছর খেলবে। কিন্তু তারপর কী? এসব তো অস্থায়ী, দিন শেষে তুমি একজন মানুষ। সুতরাং জীবনে ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নিজের ছেলে অর্জুনের বেলায়ও যে একই দর্শন মেনে চলেন, সেটাও জানালেন টেন্ডুলকার, ‘যদি কেউ বলেন, আমার ছেলে ক্রিকেটে ভালো করছে, শুনে আমার ভালো লাগে। কিন্তু আমার আরও বেশি ভালো লাগে, যদি কেউ বলে আমার ছেলে একজন ভালো মানুষও। আমি মনে করি জীবনে যা আছে, সেটুকু মেনে নিয়েই বিনয়ী এবং নম্র থাকা গুরুত্বপূর্ণ।’
ক্রিকেটার হিসেবে তাঁর দায়বদ্ধতা নিয়ে কেউ কোনো দিন প্রশ্ন তুলতে পারেনি। তবে সেই টেন্ডুলকারই ভারতের রাজ্যসভার সম্মানিত সাংসদ হয়েও এ বছর একবারও সংসদ অধিবেশনে যাননি বলে সমালোচনা হচ্ছে। পরশুর অনুষ্ঠানে সেই সমালোচনার জবাবে নিজের অবস্থানটাও ব্যাখ্যা করলেন টেন্ডুলকার, ‘আমি ইংল্যান্ড থেকে ফেরার পরই দিল্লি যেতে চেয়েছিলাম। কিন্তু আমার বড় ভাই অজিতের বাইপাস অস্ত্রোপচার করতে হয়েছে। আমাকেও তাঁর পাশে থাকতে হয়েছে। বুঝতেই পারছেন, জরুরি পারিবারিক কারণে আমি অধিবেশনে যেতে পারিনি।’ আইএএনএস।
নিয়মানুযায়ী বিনা অনুমতিতে রাজ্যসভায় ৬০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে। তবে টেন্ডুলকারের ক্ষেত্রে এখনো সেই অনুপস্থিতির সীমা ছাড়ায়নি বলেই নিশ্চিত করেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন।