আগেই দেশে ফিরলেন হাডিন
কার্ডিফে প্রথম টেস্টের পর সরে দাঁড়িয়েছিলেন অসুস্থ কন্যার সঙ্গে থাকবেন বলে। লর্ডসে খেলেননি, এজবাস্টন ও ট্রেন্ট ব্রিজে দলে জায়গাই হয়নি ব্র্যাড হাডিনের। আর ওভালে শেষ টেস্টের আগে দেশেই ফিরে গেলেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার। পারিবারিক কারণেই হাডিন দেশে ফিরে যাচ্ছেন নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন তাঁর গোপনীয়তাকে সম্মান জানাতে।
কার্ডিফে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মোট ২৯ রান। তাঁর হাত থেকে পড়েছিল ওই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ জো রুটের ক্যাচও। এরপর কন্যা মিয়ার অসুস্থতার কারণে লর্ডসে দ্বিতীয় টেস্টে থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন হাডিন। তাঁর বদলে দলে অভিষেক হয় ২৯ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান পিটার নেভিলের। পরের দুই টেস্টে দলে জায়গা ফিরে পাননি হাডিন। যা থেকে ৩৭ বছর বয়সী এই উইকেটকিপারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকেই। দলকে বিদায় জানিয়ে পরিবার নিয়ে হাডিনের দেশে ফিরে যাওয়াটা তাই পেয়ে গেছে অন্য মাত্রা। আন্তর্জাতিক ক্রিকেটকেই হয়তো বিদায় জানিয়ে বিমানে উঠেছেন তিনি। এএফপি।