আগেই ফিরছেন অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যা হয়েছে, তাতে ভারত সফরে ইংল্যান্ডের জন্য অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকে। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক স্বীকার করে নিয়েছেন, ভারত সফরে ইংল্যান্ড পুরোপুরিই ‘আন্ডারডগ’। তবে আপাতত কুক একটা খবরে স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। দ্বিতীয় টেস্টের দলেই জেমস অ্যান্ডারসনের ফেরার সম্ভাবনা এখন উজ্জ্বল।

অনেক দিন ধরেই ইংল্যান্ড দলের পেস বোলিংয়ের ভার নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন অ্যান্ডারসন। কিন্তু সেই কাঁধই অ্যান্ডারসনকে বাংলাদেশে আসতে দেয়নি। কাঁধে পাওয়া চোটটা অবশ্য পেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আগেই। লর্ডসে প্রথম টেস্টেও খেলতে পারেননি। বাকি তিন টেস্টে অবশ্য খেলেছেন। তবে বাংলাদেশ সিরিজের আগে আবারও সেই চোট ছিটকে দেয় ৪৬৩ টেস্ট উইকেটের মালিককে। ভারত সফরে প্রথম টেস্টে অন্তত খেলতে পারছেন না, সেটিও নিশ্চিত হয়ে যায় তখনই। এবার চোট থেকে দ্রুত সেরে ওঠায় ১৭ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশুই তাঁর ভারতে চলে আসার কথা।

কুকও আভাস দিয়েছেন, দ্বিতীয় টেস্টেই দেখা যেতে পারে অ্যান্ডারসনকে, ‘গতকালই ওর সঙ্গে কথা বলেছি, দ্বিতীয় টেস্টে খেলার ভালো একটা সম্ভাবনা আছে।’ এএফপি।