আগ্রাসী ওয়ার্নার

ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৯ সালে। কিন্তু তার পরও গত বিশ্বকাপে জায়গা হয়নি ডেভিড ওয়ার্নারের। তখন তাঁর গায়ে যে পুরোদস্তুর টি-টোয়েন্টি বিশেষজ্ঞের তকমা। পরে অবশ্য সেই তকমা ঝেড়ে ফেলে সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। এখন তো তাঁর টেস্ট পরিসংখ্যানও (৪৮.২০ গড়ে ৩১৩৩ রান, ১২টি সেঞ্চুরি, স্ট্রাইক রেট ৭৪.৫৪) ঈর্ষণীয়। আক্রমণাত্মক এই মেজাজটা বিশ্বকাপেও ধরে রাখতে চান ওয়ার্নার। তবে একই সঙ্গে দলকে একটা ভালো শুরু এনে দেওয়াও তাঁর লক্ষ্য, ‘যদি জায়গামতো বল পাই তাহলে আমার চেষ্টা থাকবে সেটাকে মাঠের বাইরে পাঠানো। তবে দুই দিক থেকেই নতুন সাদা বলে যেহেতু আক্রমণ হবে, তাই প্রথম ১০ ওভারে কাজটা কিছুটা কঠিন। তার পরও দলকে যত বেশি পারা যায় রান এনে দেওয়ার চেষ্টা তো থাকবেই। তবে আমি চাইব যত বেশিক্ষণ পারা যায় ব্যাট করতে।’ সেটা করতে গিয়ে আবার বোলারদের খুব বেশি সমীহ করতেও রাজি নন ওয়ার্নার, ‘বিশ্বে এমন কোনো বোলার নেই যাকে আমি ভয় পাই। কথাটা ঔদ্ধত্য মনে হবে, তবে আমি কিন্তু সব বোলারকেই মেরেছি। ডেল স্টেইনের কথাই ধরুন। খুব ভালো বোলার। কিন্তু আমি তাকেও মেরেছি। কারণ আপনি তার বিরুদ্ধে আগ্রাসী না হলে সে আপনাকে পেয়ে বসবে।’ ক্রিকইনফো।