আগ্রাসী ক্রিকেটের হুমকি দিয়ে রাখল আফগানিস্তান
আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটির ক্রিকেট প্রশাসনে পরিবর্তন এসেছে। বোর্ডের প্রধান, প্রধান নির্বাহী পদে হয়েছে অদলবদল। তালেবান সরকারের নারী ক্রিকেট দল বিলুপ্তির ঘোষণায় আইসিসির পক্ষ থেকে আফগানিস্তানকে নিষিদ্ধ করার কথাও উঠেছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও স্থগিত হয়ে গেছে সেটা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর করে বিশ্বকাপ খেলছে তারা। শুধু তাই নয়, সব ধরনের সমস্যা কাটিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ নবী।
আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে আছে আফগানিস্তান। ২৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু করবে তারা। টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে কম জল ঘোলা হয়নি। আফগান খেলোয়াড়দের ভিসা পেতেও সমস্যা হয়েছে। তবে মাঠে এসব কিছু মনে রাখতে চান না দলটির অধিনায়ক।
নবী বলেন, ‘আমাদের দলটি দুর্দান্ত। দেড় মাস ধরে ভালো প্রস্তুতি নিয়েছে। ভিসাসংক্রান্ত জটিলতার কারণে আরব আমিরাতে আগে পৌঁছাতে পারিনি। তবে কাতারে অনুশীলন করেছি আমরা।’
বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল স্পিনার রশিদ খানের। কিন্তু রশিদ অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দল ঘোষণার সঙ্গে সঙ্গেই। তখন বাধ্য হয়ে নবীর কাঁধে অধিনায়কত্বের ভার দেওয়া হয়। নিজের দায়িত্বটা জানা আছে নবীর, ‘বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কঠিন কাজ। যথাসাধ্য চেষ্টা করব দলকে এগিয়ে নেওয়ার এবং টুর্নামেন্টে ভালো খেলার।’ অধিনায়কের কাছে দলীয় লক্ষ্যটাও পরিষ্কার, ‘সাহসিকতার সঙ্গে খেলতে চাই আমরা। ফাস্ট বোলিং কিংবা স্পিন—আমরা একই মানসিকতা দেখাব।’
বিশ্বকাপে জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে ব্যাটিং পরামর্শক হিসেবে পাচ্ছেন নবীরা। ফ্লাওয়ার সম্পর্কে নবী বলেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ার একজন দুর্দান্ত কোচ এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো পরামর্শদাতা। সংযুক্ত আরব আমিরাতের পিচ সম্পর্কে তিনি অনেক কিছু জানেন।’
টি-টোয়েন্টিতে সফল এক দলই বলা যায় আফগানিস্তানকে। ২০১৮-১৯ মৌসুমে টানা ১২টি ম্যাচ জিতেছে তারা। এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে। দেরাদুনে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিল আফগানরা।