ধারাভাষ্যকার হিসেবে বিশালত্বে অনেক সময়ই হারিয়ে যায় তাঁর ক্রিকেট-ক্যারিয়ার। অবসর নেওয়ার সময় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ব্যাট হাতে ছিলেন দারুণ আগ্রাসী। তিনটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, ৩টিই দেশের বাইরে। দুটিই আবার জোহানেসবার্গে, একটি কিংস্টনে। স্যাবাইনা পার্কের সেই ইনিংসে সেঞ্চুরি ছুঁয়েছিলেন মাত্র ৭৮ মিনিটে! সোবার্স-ওরেল-অ্যাটকিনসন-স্মিথদের ছাতু বানিয়ে ১৮ চার ও ২ ছক্কায় ১২১ করেছিলেন আটে নেমে। সময়ের হিসাবে সেটি এখনো টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি! দ্রুততম সেঞ্চুরি দুটি হয়েছিল অবশ্য বেনোর ওই ইনিংসের আগেই। গত শতাব্দীর শুরুর দিকে ধুন্ধুমার ব্যাটিংয়ে বোলারদের যম হয়ে উঠেছিলেন যিনি, সেই গিলবার্ট জেসপ সেঞ্চুরি করেছিলেন ৭৭ মিনিটে। ১৯০২ অ্যাশেজে, ওভালে। ১৯২১ সালের নভেম্বরে জোহানেসবার্গে ৭০ মিনিটে সেঞ্চুরি করেছিলেন বেনোরই পূর্বসূরি জ্যাক গ্রেগরি। সময়ের হিসাবে এখনো সেটি দ্রুততম সেঞ্চুরি।