আছে আনন্দ, আছে অনুতাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এমন উদ্যাপন! তবে টানা দ্বিতীয়বার সেঞ্চুরি করেও পরাজয়ের হতাশায় ডুবতে হয়েছে এনামুলকে l এএফপি
ছোট্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এমন উদ্যাপন! তবে টানা দ্বিতীয়বার সেঞ্চুরি করেও পরাজয়ের হতাশায় ডুবতে হয়েছে এনামুলকে l এএফপি

আছে আনন্দ। আছে অতৃপ্তি। আছে অনুতাপ। সেঞ্চুরি করার পরও এতটা মিশ্র অনুভূতি এর আগে কারও হয়েছে কি না কে জানে! তবে এনামুল হকের (বিজয়) হলো।
পরশু ম্যাচ শেষে ড্রেসিংরুমের সামনেই কথা হচ্ছিল এনামুলের সঙ্গে। একটু আগে ম্যাচটা হেরে এলেও সেঞ্চুরির দ্যুতি তখনো তাঁর চোখেমুখে। আবার ঠিক সেঞ্চুরির পর একজন ব্যাটসম্যানের যতটা আনন্দিত থাকার কথা, ততটাও ছিলেন না। কোথায় যেন একটা অস্বস্তির কাঁটা।
এনামুলের জন্য অবশ্য অভিজ্ঞতাটা নতুন নয়। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেও পরাজয়ে ম্লান হয়ে গিয়েছিল সেঞ্চুরির আনন্দ। ১০৯ রান করার পরও হেরে যাওয়ার প্রসঙ্গ তুললে সেই স্মৃতিটাই আগে টেনে আনলেন সামনে, ‘এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গেও আমি সেঞ্চুরি করেছিলাম, সেবারও ম্যাচটা হেরে গিয়েছিলাম। ওখানে আফ্রিদির একটা ঝড় ছিল। এখানে পোলার্ডের একটা ঝড়।’
সেই ‘ঝড়’ বাংলাদেশের জয়ের তরিটাকে নিয়ে গেল তীর থেকে আটলান্টিকের ঠিক মাঝখানে। পোলার্ডের প্রমত্ত ঝড়ে সেখানে উল্টে গেল তরি। আর ফিরে আসতে পারল না তীরে। এমন হরিষে বিষাদের জন্য এনামুল শুধু ভাগ্যকেই দুষলেন, ‘রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) ভাগ্য সহায় হয়নি। থাই প্যাডে লেগে আউট হয়ে গেলেন। মুশফিক ভাইয়ের সুইপ শট সব সময় ভালো হয়, আজ (পরশু) হয়নি। তামিম ভাইয়ের ওটা দারুণ একটা পুল ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ ধরে ফেলেছে। সব মিলিয়ে বলতে পারেন আমাদের ভাগ্য সহায় হয়নি।’
ভাগ্যের প্রতি অনুযোগের সঙ্গে একটা অনুতাপও বয়ে বেড়াচ্ছেন এনামুল। ইমরুল কায়েসের রানআউটের দায়টা নিলেন নিজের কাঁধেই, ‘ইমরুল ভাই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে গেলেন। হয়তো বা আমারই দোষ ছিল।’
সেঞ্চুরির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবশ্য এনামুল আত্মহারাই হয়ে পড়েছিলেন। শূন্যে লাফিয়ে উঠে মাঠ কাঁপানো এক চিৎকারে সবাইকে যেন শুনিয়ে দিতে চাইলেন সেঞ্চুরির গর্জন। তবে এমন নয় যে এ রকম বুনো উদ্যাপনের বিশেষ কোনো কারণ ছিল, ‘এ রকম উদ্যাপনের কোনো কারণ নেই আসলে। তবে খুব আশা ছিল, বিদেশের মাটিতে একটা সেঞ্চুরি করব। দেশের মাটিতে দুটি সেঞ্চুরি করেছি, যার একটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এর পর থেকেই বিদেশের মাটিতে সেঞ্চুরি করার খুব ইচ্ছা ছিল।’ সে জন্য এবার ওয়েস্ট ইন্ডিজে আসার আগে হোমওয়ার্কও করেছেন যথেষ্ট, ‘বাউন্সি উইকেটে বল কেমন হতে পারে ভেবে খুব ভালোভাবে অনুশীলন করেছি। ওদের বিশ্বমানের আক্রমণ ছিল। সব মিলিয়ে নিজের কাছে চ্যালেঞ্জ ছিল বাইরের দেশে এসে ভালো কিছু করার। তা ছাড়া ওপেনার বড় ইনিংস খেললে দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আসে।’
এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরি, যার দুটিই গত ছয় ম্যাচের মধ্যে। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে খুলনায় এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই নিজের প্রথম সেঞ্চুরিটা করেছিলেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে। এই তিন সেঞ্চুরির মধ্যে এনামুল এগিয়ে রাখছেন সর্বশেষটাকেই, ‘বিদেশের মাটিতে সেঞ্চুরি করা অনেক বড় ব্যাপার। সব ব্যাটসম্যানেরই এ রকম স্বপ্ন থাকে...প্রমাণ করা যে, বিদেশের মাটিতেও আমি ভালো খেলতে পারি। কাজেই এটাকেই এগিয়ে রাখব।’
ইনিংসের শেষ দিকে একটু যেন বেশি বেপরোয়া হয়ে উঠেছিলেন এনামুল। রবি রামপলের যে ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করলেন, ওই ওভারেরই শেষ বলে রিভার্স সুইপে মারলেন আরেকটা বাউন্ডারি। এ রকম বেশ কয়েকবারই বল ডেলিভারির আগে স্টান্স বদলে চেষ্টা করেছেন ইমপ্রোভাইজড শট খেলতে। হোমওয়ার্ক ছিল এসবের জন্যও, ‘এখানে আসার আগে কোচ কিছু ইমপ্রোভাইজিং শট প্র্যাকটিস করিয়েছেন। তা ছাড়া আউটফিল্ড অনেক স্লো ছিল। ওদের নারাইন-ব্রাভোও খুব ভালো বল করছিল। ভেবে দেখলাম ইমপ্রোভাইজ না করলে রান বের করা কঠিন হয়ে যাবে। সে জন্যই শেষ দিকে ওভাবে খেলা।’
এনামুল যা করতে চাইলেন, পারলেন তার সবই। পারল না শুধু বাংলাদেশ। সেঞ্চুরির আনন্দে তাই হতাশা মিশে থাকবে, সেটাই তো স্বাভাবিক।