আছে আনন্দ, আছে স্বস্তি

আরম্ভের সব কিছুই প্রতিশ্রুতিময়।
আরম্ভে সব কিছুই সহাস্য সবুজ।
পুর্ণেন্দু পত্রীর কবিতার লাইন দুটি মাথায় রেখে যদি বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটার ফিরে তাকান, কী মনে হবে আপনার? সৌম্য সরকারের কথা হচ্ছে? তাসকিন আহমেদের?
বিশ্বকাপ অভিষেকে বড় কিছু করে ফেলেননি। কিন্তু ‘প্রতিশ্রুতিময়’ তো বলাই যায়। অথবা কবির ভাষায় ‘সহাস্য সবুজ।’অথবা যদি কোনো খেলোয়াড়ের কথা না বলে পুরো দলের কথা বলি। বাংলাদেশের জন্যও তো এটা এই বিশ্বকাপে আরম্ভ। সেই আরম্ভও তো ‘সহাস্য সবুজ।’
ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর বাংলাদেশের ক্রিকেটাররা যখন হোটেলে ফিরলেন, ‘সহাস্য’ শব্দটাও তাদের সঙ্গে হেঁটে এল। সবচেয়ে বড় হাসিটা যে নাসির হোসেনের মুখে, সেটিতে ভিন্ন তাৎপর্য খুঁজতেই পারেন। আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাননি। তাতেও জয়ের আনন্দ তাঁকে কম ছোঁয়নি। রুমে যাওয়ার পথে পাঁচজনের দলটা আড্ডায় মাতল। নাসিরের সঙ্গে সাকিব, আল আমিন, রুবেল ও এনামুল।
বাংলাদেশের অন্য খেলোয়াড়েরা সংবাদ সম্মেলনের বাইরেও সাংবাদিকদের সঙ্গে টুকটাক কথা বলছেন। কিন্তু সাকিব হাসিতেই সারতে চাইছেন সব প্রশ্নের উত্তর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক ছোঁয়ার প্রতিক্রিয়াও শুধু ওই হাসি। সাকিবের হয়ে উত্তর দেওয়ার দায়িত্বটা তাই নিয়ে নিলেন নাসির। ‘আমাকে জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। ৪ হাজার রান কোনো ব্যাপার! ও তো ১৫ হাজার রান করবে’—স্বভাবসুলভ দুষ্টুমির ভঙ্গিতে নাসিরের ভবিষ্যদ্বাণী। একটু বেশি হয়ে গেল বলে আপত্তি করলেন সাকিব। মাথা নেড়ে সায় দিলেন বাকিরাও। নাসির তাই সংশোধনী দিলেন, ‘আমরা যেহেতু কম ম্যাচ খেলি, রানটা ৮-১০ হাজার করে দিন।’ সবাই একমত হলেন এবং হাসির ফোয়ারা তুললেন।
এমনিতে আফগানিস্তানের বিপক্ষে জয় এমন আনন্দে ভেসে যাওয়ার মতো কোনো ব্যাপার নয়। তবে ফিকশ্চার চূড়ান্ত হওয়ার পর থেকেই ম্যাচটা নিয়ে এত কথা হয়েছে যে, কালকের জয়টাতে বাড়তি মহিমা যোগ না হয়ে পারেই না। তার ওপর আবার বিশ্বকাপের প্রথম ম্যাচ। এটিতে দৈবাৎ হেরে গেলে ২০০৩ বিশ্বকাপের দুঃস্বপ্ন আবারও ফিরে আসতে পারত। সেবার তো এর চেয়েও ‘পচা শামুকে’ পা কেটেছিল বাংলাদেশের। প্রথম ম্যাচেই ক্রিকেটে অজ্ঞাতকুলশীল কানাডার কাছে হেরে শুরু হয়েছিল পতনের পথে যাত্রা। আফগানিস্তানের বিপক্ষে জয় তাই যতটা আনন্দের, ততটাই হাঁফ ছেড়ে বাঁচার স্বস্তি।
মুশফিকুর রহিমের কাছে বোধ হয় তার চেয়েও বেশি কিছু। অধিনায়ক ছিলেন বলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হারের জ্বালা তাঁর মতো আর কাউকে পোড়ায়নি। এত দিনে সেই জ্বালা জুড়াল। সেটি গোপনও করলেন না। ম্যাচ শেষ করতে যেভাবে স্টাম্প ভেঙেছেন, তা থেকেই বোঝা গিয়েছিল। সংবাদ সম্মেলনের কথাবার্তায়ও বুঝিয়ে দিলেন, ‘এই ম্যাচ নিয়ে এত কথা হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়েও অনেক কথা। জয়টাকে আমি সহজ বলব না, তবে দাপুটে জয় তো বটেই। এ কারণেই আনন্দটা বেশি।’
ড্রেসিংরুমে কেমন কে জানে, তবে প্রকাশ্যে মুশফিকুর রহিম আর নাসির হোসেন পুরো বিপরীত দুই মেরুর চরিত্র। নাসির সব সময়ই হাসিখুশি, দুষ্টুমিতে মেতে থাকেন। মুশফিকুরের চেষ্টা থাকে ‘জীবনটা যে শুধু হাসিঠাট্টার ব্যাপার নয়’, তা প্রমাণ করা। কাল অবশ্য মুশফিকেরও হাসারই দিন। টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে রসিকতাও করলেন, ‘টপ অর্ডার সব সময় ভালো করলে আমরা তো আর সুযোগ পাব না। মাঝেমধ্যে খারাপ করলে তো আমাদেরও সুযোগ মেলে।’
সেই মুশফিককেই আবার খুব সিরিয়াস দেখাল, যখন চোখমুখ কঠিন করে বললেন, ‘এই ম্যাচে আমাদের ওপর অবশ্যই চাপ ছিল। তবে চাপ থাকলেই খারাপ করব ওসব দিন চলে গেছে। চাপ তো থাকবেই, চাপ থাকলেও আমাদের ভালো খেলতে হবে।’ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেটিই খেলেছে বলে দাবির সঙ্গে একমত না হয়ে কোনো উপায় নেই। বাংলাদেশ দল তারুণ্যের জয়গান গাইলেও শেষ পর্যন্ত যে অভিজ্ঞতাই বৈতরণি পার করেছে, সেটিও বললেন এক প্রশ্নের জবাবে। ‘আমি যখন ব্যাটিং করতে নামি, সাকিব আর আমি কথা বলছিলাম যদি আমরা ৪৫ ওভার পর্যন্ত থাকতে পারি, তা হলে ২৫০-এর বেশি রান হবেই। সাকিব যখন মারছিল আমি ওকে স্ট্রাইক দিয়েছি। আমি যখন মারছি সাকিব আমাকে। অভিজ্ঞতা না থাকলে হয়তো ২৮০-২৯০ টার্গেট করে দুজনই মারতে গিয়ে ২১০ রানে অলআউট হয়ে যেতাম।’
এই ম্যাচকে ঘিরে অনেক দিন থেকেই আফগানরা কথার তুবড়ি ছুটিয়ে এসেছে। মুশফিক খুব ভদ্র ভাষায় সেটিরও জবাব দিয়ে দিলেন, ‘মুখে বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই। শেষ পর্যন্ত পারফরম্যান্সটাই আসল।’ বিশ্বকাপে প্রথম ম্যাচ বলেই ২০-২৫ ওভার পর্যন্ত দল খুব নার্ভাস ছিল বলে মনে হয়েছে মুশফিকের। পরের ম্যাচ থেকে এই সমস্যা আর থাকবে না বলেই মনে করেন। সমস্যা হলো, পরের ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেটি ব্রিসবেনের গ্যাবায়। অস্ট্রেলিয়ার দ্রুততম উইকেট হিসেবে যেটি পার্থের ওয়াকার সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করে। তাই বলে আগেই হার মেনে নেবে বাংলাদেশ?
মুশফিক প্রেরণা খুঁজছেন আয়ারল্যান্ডের কাছ থেকে, ‘আয়ারল্যান্ড তো দিব্যি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। সেটিও তিন শর বেশি রান তাড়া করতে নেমে ৪০ বল বাকি থাকতেই। ওয়ানডেতে যেকোনো কিছুই হতে পারে।’
যেকোনো কিছু মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ও। সেটি হয়তো হবে, হয়তো হবে না। তবে প্রথম ম্যাচে জয়ে অন্তত মাঠে নামার আগেই হেরে বসবে না বাংলাদেশ। হোক না সে জয় আফগানিস্তানের বিপক্ষে!
স্কোরকার্ড
টস: বাংলাদেশ
বাংলাদেশ রান বল ৪ ৬
এনামুল এলবিডব্লু ব আশরাফ ২৯ ৫৫ ৪ ০
তামিম ক জাজাই ব আশরাফ ১৯ ৪২ ২ ০
সৌম্য এলবিডব্লু ব শাপুর ২৮ ২৫ ৩ ১
মাহমুদউল্লাহ ক জাজাই ব শাপুর ২৩ ৪৬ ০ ০
সাকিব ব হামিদ ৬৩ ৫১ ৬ ১
মুশফিক ক শেনোয়ারি ব নবী ৭১ ৫৬ ৬ ১
সাব্বির ব হামিদ ৩ ৮ ০ ০
মাশরাফি ব আফতাব ১৪ ৯ ৩ ০
মুমিনুল রানআউট ৩ ৩ ০ ০
রুবেল অপরাজিত ০ ২ ০ ০
তাসকিন ব আফতাব ১ ৩ ০ ০
অতিরিক্ত (বা ৩, লেবা ৪, ও ৬) ১৩
মোট (৫০ ওভারে অলআউট) ২৬৭
উইকেট পতন: ১-৪৭ (তামিম, ১৪.৩ ওভার), ২-৫২ (এনামুল, ১৬.৪), ৩-১০২ (সৌম্য, ২৫.৫), ৪-১১৯ (মাহমুদউল্লাহ, ২৯.১), ৫-২৩৩ (সাকিব, ৪৪.৪), ৬-২৪১ (সাব্বির, ৪৬.৫), ৭-২৪৭ (মুশফিক, ৪৭.৩), ৮-২৬৩ (মুমিনুল, ৪৮.৬), ৯-২৬৩ (মাশরাফি, ৪৯.১), ১০-২৬৭ (তাসকিন, ৪৯.৬)।
বোলিং: হামিদ ১০-০-৬১-২ (ও ১), শাপুর ৭-১-২০-২, আফতাব ৯-০-৫৫-২ (ও ৩), আশরাফ ৯-৩-৩২-২ (ও ১), নবী ৯-০-৫৮-১ (ও ১), জাভেদ ৪.৫-০-৩২-০, শেনোয়ারি ১.১-০-২-০।
আফগানিস্তান
জাভেদ ক ও ব মাশরাফি ১ ২ ০ ০
জাজাই এলবিডব্লু ব রুবেল ১ ৫ ০ ০
মঙ্গল ক রুবেল ব মাহমুদউল্লাহ ২৭ ৫৭ ১ ০
স্টানিকজাই ক মাহমুদউল্লাহ ব মাশরাফি ১ ৭ ০ ০
শেনোয়ারি রানআউট ৪২ ৭৫ ২ ০
নবী ক সৌম্য ব মাশরাফি ৪৪ ৪৩ ৫ ০
নজিবুল্লাহ এলবিডব্লু ব সাকিব ১৭ ৩৪ ১ ০
আশরাফ ক সাব্বির ব সাকিব ১০ ১৫ ০ ১
আফতাব রানআউট ১৪ ১২ ২ ১
হামিদ ক এনামুল ব তাসকিন ০ ৫ ০ ০
শাপুর অপরাজিত ২ ২ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ২) ৩
মোট (৪২.৫ ওভারে অলআউট) ১৬২
উইকেট পতন: ১-২, ২-২, ৩-৩, ৪-৬৫, ৫-৭৮, ৬-১৩৬, ৭-১৩৬, ৮-১৫৪, ৯-১৫৪, ১০-১৬২।
বোলিং: মাশরাফি ৯-২-২০-৩, রুবেল ৬-০-২৭-১ (ও ১), তাসকিন ৭-০-২৩-১, সাকিব ৮.৫-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৮-১-৩১-১ (ও ১), সৌম্য ৩-০-১৩-০, সাব্বির ১-০-৪-০।
ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।