আছে গতির চোখরাঙানিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঘরের মাঠে কিউই পেসাররা সব সময় ভুগিয়েছেন বাংলাদেশকে। এবারের সিরিজেও তাঁদের পেস আক্রমণটা সাকিব–মুশফিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিখেছেন কামরুল হাসান

কখনো ক্রিস কেয়ার্নস-শেন বন্ড, কখনো ক্রিস মার্টিন-ইয়ান ও’ব্রায়েন। হোক সেটা হ্যামিল্টন, ওয়েলিংটন কিংবা ডানেডিন। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের পেসাররা সব সময়ই ভুগিয়েছেন বাংলাদেশকে। ব্যতিক্রম নয় দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিউজিল্যান্ডে বাংলাদেশের সর্বশেষ সফরটাও। যদিও একমাত্র টেস্টটিতে একাই ৫ উইকেট নিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি, কিন্তু বাংলাদেশের বাকি ১৫ উইকেটের ১১টি ভাগাভাগি হয়েছিল টিম সাউদি, ড্যারিল টাফি আর ক্রিস মার্টিনের মধ্যে।

সেই সাউদি আছেন এবারও। সঙ্গে থাকছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন। টেস্ট দলে যোগ করে নিন নিল ওয়াগনারের নামটাও। গত কয়েক বছরে এমন পেসবান্ধব কন্ডিশনে এত বিধ্বংসী পেস আক্রমণের সামনে কি আর কখনো পড়েছে বাংলাদেশ?
কেউ কেউ আপত্তি করতে পারেন। নিউজিল্যান্ডের কন্ডিশন যে পেস-বান্ধব এ নিয়ে নিশ্চয়ই সন্দেহ নেই কোনো। কিন্তু নিউজিল্যান্ডের পেস আক্রমণটা কি আসলেই এতটা বিধ্বংসী?
চলুন উত্তর খোঁজা যাক। অস্ট্রেলিয়ায় জশ হ্যাজলউড-মিচেল স্টার্করা আছেন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডরা, দক্ষিণ আফ্রিকায় আছেন ডেল স্টেইন-মরনে মরকেল আর কাগিসো রাবাদারা। গতিতে এরা কেউ কারও চেয়ে খুব পিছিয়ে নন। কিন্তু কিউইদের যেটা বাড়তি শক্তি সেটা হচ্ছে একসঙ্গে এতগুলো বোলারের এমন দারুণ গতি। সাউদি, বোল্ট, হেনরি, ওয়াগনার, ডি গ্র্যান্ডহোম—প্রায় সবার গতি ১৪০ কিলোমিটারের বেশি, নইলে খুব কাছাকাছি। এই ফাস্ট বোলাররা যখন নিজেদের মনমতো কন্ডিশন পেয়ে যান তখন আর কী লাগে!
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেই দুই টেস্ট মিলিয়ে প্রতিপক্ষের ৪০ উইকেটের ৩৭টি নিয়েছেন কিউই পেসাররা। পাকিস্তান দলের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। সেই দলটাকেই নিউজিল্যান্ড এতটা ভুগিয়েছে, বাংলাদেশ কতটা দাঁড়াতে পারবে?
ওয়াগনার-বোল্ট-সাউদিরা আছেনও বেশ দুর্দান্ত ফর্মে। এ বছর এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে ২১.০৪ গড়ে ৪১ উইকেট ওয়াগনারের। নিউজিল্যান্ডের হয়ে যেটি সর্বোচ্চ। ২০১৬ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসারদের মধ্যেও স্টুয়ার্ট ব্রড (৪৮), মিচেল স্টার্ক (৪৫) কাগিসো রাবাদার (৪২) পরেই ওয়াগনার। ওদিকে ব্রড কিন্তু ৫টি টেস্ট বেশি খেলেছেন ওয়াগনারের চেয়ে। তার মানে সময়ের অন্য সেরা পেসারদের চেয়েও ওয়াগনার পিছিয়ে খুব সামান্যই।
বোল্ট তো শুধু টেস্ট নয়, ওয়ানডেতেও দুর্দান্ত বল করছেন। ১০ টেস্টে ৩১ উইকেট, আর ১২ ওয়ানডেতে ২৫টি। ডি গ্র্যান্ডহোম তো গত মাসেই পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৪১ রানে ৬ উইকেট নিয়ে গড়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি! হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টেই ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাউদি। চেনা কন্ডিশনে বাংলাদেশকে পেয়ে তাঁরা সবাই তেতে থাকবেন, এ নিয়ে সন্দেহ সামান্যই।
শুনে মনে হতে পারে, নিউজিল্যান্ডে মাশরাফি-মুশফিকদের নিয়ে বুঝি কোনো আশাই নেই। কিউই পেস–তাণ্ডবে উড়ে যাবেন সবাই। বাস্তবে অতটা ভয়ের কিছু নেই। অন্তত ‘বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড’ ইতিহাস তা বলছে না। এই সাউদি, ক্রিস মার্টিন আর ড্যারিল টাফিদের খেলেই ২০১০ সালের সফরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪০৮ রান করেছিল বাংলাদেশ। ৮ নম্বরে নেমে মাহমুদউল্লাহ করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি, মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি সাকিব। এই তো গত বছর বিশ্বকাপেও সাউদি-বোল্ট–ম্যাকলেনাহানকে খেলেই আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ, বাংলাদেশ করেছিল ২৮৮ রান। যে ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে খেলতে হয়েছে ৪৯তম ওভার পর্যন্ত।
২০১০ সালের ওই টেস্ট কিংবা গত বছর বিশ্বকাপের ম্যাচের বাংলাদেশ দলের চেয়ে এই বাংলাদেশ যোজন এগিয়ে। সাউদি-বোল্ট-ওয়াগনারকে ভয় পাওয়ার দিনও তাই অতীত হয়ে গেছে বেশ আগেই।