আছেন শুধু মাশরাফি-মাহমুদউল্লাহ

আম্পায়ারিং বিতর্ক, সূচিতে হঠাৎ বদলে ইচ্ছামতো মাঠ অদলবদল, বিদেশি খেলোয়াড় নিবন্ধন নিয়ে নাটক। চরম বিতর্কের সব উপাদানই পাওয়া যাবে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। তবে মাঠের বাইরে যা-ই হোক, মাঠের খেলায় অন্তত ভালো কিছু ঘটেছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ব্যাট-বলের লড়াইয়ে খেলোয়াড়দের মধ্যে চলছে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। তবে সেরাদের তালিকায় জাতীয় দলের খেলোয়াড়দের দাপট একটু কমই। সেরা পাঁচ বোলার-ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন শুধু মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ।

প্রথম পর্বের মাঝখানে এসে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে ছিলেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন। এ মুহূর্তেই তিনি আছেন ৩ নম্বরে। একে থাকা শামসুর রহমানের দল গাজী গ্রুপ সুপার লিগে না ওঠায় তাঁকে হয়তো দ্রুতই শীর্ষস্থান হারাতে হবে। সে ক্ষেত্রে শীর্ষে ওঠার দারুণ সুযোগ আবদুল মজিদের। ভিক্টোরিয়ার ওপেনারের শুরুটা ভালো হলেও মাঝে কিছু ম্যাচ খারাপ যাওয়ায় দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছিলেন। কিন্তু গাজী গ্রুপ ও ব্রাদার্সের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করে দ্রুত উঠে এসেছেন ২ নম্বরে। সুপার লিগেও ছন্দটা ধরে রাখার প্রত্যয় মজিদের, ‘মাঝে কিছু ভুল করেছিলাম। দ্রুত শুধরে নিয়েছি। যেভাবে খেলছি, সেভাবে সামনেও খেলতে চাই।’
নিজেদের সর্বশেষ তিন ম্যাচ খানিকটা নিষ্প্রভ থাকলেও সুপার লিগে স্বরূপে ফিরতে চান মজিদের ঘাড়ে নিশ্বাস ফেলা ইমতিয়াজ, ‘সর্বশেষ কয়েকটি ম্যাচে ভালো করতে পারিনি। চেষ্টা করব সামনে ভালো করতে। আমাদের কোচ বাবুল ভাই (মিজানুর রহমান) আমাকে বলেছেন, এবার তোমার সুবর্ণ সুযোগ।’
চতুর্থ রাউন্ডের পর থেকে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন চতুরাঙ্গা ডি সিলভা। লিগ শেষেও শীর্ষস্থান ধরে রাখতে চান ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার, ‘স্পিনার কিংবা পেসার যে–কেউ সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারে। তবে সামনের ম্যাচগুলোয় ভালো করতে পারলে অবশ্যই শীর্ষস্থান ধরে রাখা সম্ভব।’
শুরু থেকেই পেসারদের আফসোসের কারণ ছিল নিষ্প্রাণ উইকেট। কিন্তু প্রথম পর্ব শেষে শীর্ষ তিন বোলারের মধ্যে দুজনই পেসার। মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়াচক্র সুপার লিগে না ওঠায় ভিক্টোরিয়ার পেসার কামরুল ইসলামের সুযোগ সবাইকে ছাড়িয়ে যাওয়ার। সুযোগটা কাজে লাগাতে চান কামরুল, ‘বৃষ্টির কারণে ওভার কাটা যাচ্ছে অনেক ম্যাচে। ওভার কমে এলে দ্রুত রান তুলতে ব্যাটসম্যানদের ঝুঁকিপূর্ণ শট খেলার প্রবণতা বাড়ে। তাতে পেসারদের উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ে। চেষ্টা করব সুযোগটা কাজে লাগাতে।’
ব্যাটিং-বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শেখ জামাল ধানমন্ডি অধিনায়ক মাহমুদউল্লাহর অবশ্য আর এগোনোর সুযোগ নেই। তাঁর দল বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকেই।
গত প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে যাঁরা ছিলেন শীর্ষে, এবার তাঁদের উল্টো যাত্রা। গতবারের সর্বোচ্চ রান সংগ্রাহক রনি তালুকদারের ব্যাট হাসেনি এখনো, ১১ ম্যাচে তাঁর রান ২২২। শীর্ষ তিনে থাকা লিটন দাস ও নাঈম ইসলামের অবস্থাও তথৈবচ। বোলিংয়ে সেরা তিনে থাকা ইলিয়াস সানি, আসিফ হাসান ও এনামুল হক জুনিয়রও এবার যুঝছেন ফর্মের সঙ্গে।
সেরা পাঁচ ব্যাটসম্যান
| ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় | ১০০/ ৫০ | |
| শামসুর রহমান (গাজী গ্রুপ) | ১১ | ৫৫৮ | ১৩৬ | ৫৫.৮০ | ১/৪ |
| আব্দুল মজিদ (ভিক্টোরিয়া) | ১১ | ৫৩৮ | ১১৮ | ৪৮.৯০ | ২/৩ |
| ইমতিয়াজ হোসেন (দোলেশ্বর) | ১১ | ৫২৬ | ১০০* | ৫২.৬০ | ২/৩ |
| আল আমিন (ভিক্টোরিয়া) | ১১ | ৫০২ | ১০২ | ৫৫.৭৭ | ১/৫ |
| মাহমুদউল্লাহ (শেখ জামাল) | ১১ | ৪৯৭ | ১৩০ | ৪৯.৭০ | ২/০ |
সেরা পাঁচ বোলার
| ম্যাচ | উইকেট | সেরা | গড় | ইকোনমি | |
| চতুরাঙ্গা ডি সিলভা (ভিক্টোরিয়া) | ১১ | ২৩ | ৬/৩৫ | ১৯.৯৫ | ৪.৮১ |
| মাশরাফি বিন মুর্তজা (কলাবাগান কেসি) | ১১ | ২২ | ৬/৪২ | ২০.২২ | ৪.৮৩ |
| কামরুল ইসলাম (ভিক্টোরিয়া) | ১১ | ২২ | ৪/৩৮ | ২২.৮১ | ৫.২৫ |
| মাহমুদউল্লাহ (শেখ জামাল) | ১১ | ২১ | ৫/৬৬ | ১৯.০৪ | ৫.৩৮ |
| নাঈম ইসলাম জু. (মোহামেডান) | ১১ | ২০ | ৪/২১ | ২২.১৫ | ৫.০৪ |