আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব
বিগ ব্যাশ শুরু হয়েছে গত ১৮ ডিসেম্বর। তবে সাকিব আল হাসানের অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়েছে আরও পরে। মেলবোর্ন রেনিগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে সাকিব অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন আজ রাতে।
সাকিবের এই অস্ট্রেলিয়া-যাত্রা একেবারে বিশ্বকাপের জন্যই হয়ে যেতে পারে। বিগ ব্যাশের লিগ পর্বে মেলবোর্ন রেনিগেডসের শেষ ম্যাচ ১৯ জানুয়ারি। আর বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ২৪ জানুয়ারি। কাজেই বিগ ব্যাশ শেষ করে সাকিব সম্ভবত অস্ট্রেলিয়াতেই দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল সে রকমই আভাস দিয়েছেন, ‘বিগ ব্যাশ শেষ করে সাকিব দু-তিন দিনের জন্য আর দেশে আসবে না, সে রকমই কথা হয়েছে। ওর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ায়। তবে যেটাই হোক, সাকিব কোচের সঙ্গে যোগাযোগ রেখেই তা করবে।’