আজ আরেকটি 'পরীক্ষা'র ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের ১৪ জনের দল এখনো ঘোষণা হয়নি। তবে প্রথম দুই ম্যাচের দলে পরিবর্তন আসতে পারে তিনটি। বদল হবেন কোন তিনজন? সে এক বিরাট ধাঁধা বটে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের টি-টোয়েন্টির রেসিপিটা যেন প্রতিনিয়তই ফুটছে নানা রকম টেস্টটিউবে। জিম্বাবুয়ে সিরিজের কোন ম্যাচে যে কোনটা ব্যবহার করা হবে, আগে থেকে বলা মুশকিল। শেষ দুই ম্যাচের দলটা নির্বাচকদের হাত থেকে বিসিবি সভাপতির অনুমোদনের জন্য বোর্ডে জমা পড়ে যাওয়ার পরও তাই এ নিয়ে সবাই চুপ। হঠাৎ যদি কোচ তাতে নতুন কোনো রাসায়নিক মেশাতে চান!
অবশ্য কাল পর্যন্তও যা শোনা গেছে তাতে অদল-বদল হওয়ার সম্ভাবনা নতুন মুখগুলোতেই বেশি। অবশ্য শেখ আবু নাসের স্টেডিয়ামে আজকের দ্বিতীয় ম্যাচের একাদশ সম্পর্কে সিদ্ধান্ত মোটামুটি কালই নেওয়া হয়ে গেছে। প্ল্যান ‘এ’—উইকেট আগের ম্যাচের মতো থাকলে প্রথম ম্যাচের একাদশ খেলানো হবে আজও। মাঠসংশ্লিষ্টরা নাকি উইকেটের আচরণ একই রকম থাকবে বলেই আভাস দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তারপরও একটা প্ল্যান ‘বি’ রাখা আছে—উইকেট যদি একটু বেশি শুকনো মনে হয়, খেলানো হবে আরাফাত সানিকে। বসতে হতে পারে শুভাগত হোমকে। তবে এসবও গবেষণার পর্যায়ে।
চূড়ান্ত সিদ্ধান্তে অদৃশ্য স্বাক্ষরটা করবেন কোচই। সেটা হতে পারে টসের আগে তাঁর তাৎক্ষণিক কোনো চিন্তার সূত্র ধরেও।
চার ম্যাচের জিম্বাবুয়ে সিরিজকে আগেই পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেটার অনেক ঝলক দেখা গেছে প্রথম ম্যাচেই। সাকিব আল হাসান ব্যাটিং করলেন ছয়ে, মুশফিকুর রহিম পাঁচে আর সাব্বির রহমান তিনে। পরিবর্তিত জায়গায় কাউকে অসফল বলা না গেলেও হাথুরুসিংহের ক্রিয়া-বিক্রিয়া দেখার নেশা এখানেই থামছে না। তবে বিভিন্ন সূত্রের তথ্যে একটা বিষয় মোটামুটি বোঝা যাচ্ছে যে, তিন নম্বরে সাব্বিরকেই তাঁর বেশি উপযুক্ত মনে হচ্ছে। সাব্বিরও কাল সংবাদমাধ্যমের সামনে এসে জানালেন, দলের প্রয়োজনে সব জায়গায় খেলতে প্রস্তুত হলেও তিন তাঁর পছন্দের ব্যাটিং অর্ডার। বিপিএলের কয়েকটা ম্যাচেও এই জায়গায় ব্যাট করে সাফল্য পেয়েছেন।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথাতেও দু-একটা চিন্তা থিতু হয়ে আসার আভাস আছে, ‘সব জায়গায় তো আর বারবার দেখার দরকার নেই। কিছু জায়গা আছে বোঝা যায় কী করতে হবে বা কে ভালো হবে।’ তবে এখন পর্যন্ত সে রকম জায়গা খুব কমই। তা ছাড়া ভালো কিছু পেয়ে যাওয়া মানেই তো আর এমন নয় যে এর চেয়ে ভালো নেই। কাজেই গবেষণা চলছে, চলবে। ‘অনেক কিছুই আছে যেগুলো আমাদের বারবার দেখতে হবে। আগের ম্যাচে যে রকম একটা ভুল করে ফেললাম, ওই জায়গাটাকে আবার দেখতে হবে। তা ছাড়া এক ম্যাচেই তো আর সব দেখা যায় না। আরও খেলা আছে। সেগুলোতেও আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখব’—কাল রাতে মুঠোফোনে বলছিলেন অধিনায়ক।
কিন্তু গবেষণা চালিয়ে ব্যাটিং অর্ডারের হয়তো একটা কাঠামো দাঁড় করানো যায়, বোলিংয়ে কি কাজটা তত সহজ? ম্যাচের পরিস্থিতির সঙ্গে যেকোনো সিদ্ধান্তই বদলালে বোলিংয়ে কি ব্যাপারটা একটু বেশি অবশ্যম্ভাবী নয়? এ নিয়ে গবেষণা তাহলে কতটা কাজে দেবে আসল জায়গায়? সূত্র জানিয়েছে, বোলিংয়ে খুব বেশি কিছু করে দেখার ইচ্ছাও নাকি নেই টিম ম্যানেজমেন্টের। আট নম্বর জায়গাটা নিয়েই যত চিন্তা। সেখানে একজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হবে নাকি নেওয়া হবে কোনো অলরাউন্ডার, মাশরাফি-হাথুরুসিংহেদের বোলিং খাতায় এখন সেটারই কাটাকুটি চলছে বেশি।
তবে প্রথম ম্যাচের মতো আজও শেষ লক্ষ্যটা জয়-ই। ছোট ছোট সফল বিক্রিয়ায় ল্যাবরেটরিতে যতই সাফল্যের সুবাস ছড়াক, যোগফল ‘জয়’ না হলে যে সবই হয়ে যায় ‘ব্যর্থ চেষ্টা।’