গত মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভাতেই দূর হয়ে গেছে শঙ্কাটা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশেই। তবে তার আগে এখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে যাওয়ার কথা আইসিসির প্রতিনিধিদলের।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের নেতৃত্বে চার সদস্যের সেই প্রতিনিধিদল আজ বিকেলেই চলে আসছে ঢাকায়। তিন দিনের সফরে তাঁরা বিসিবি ছাড়াও বৈঠক করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে।
মূলত নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ার জাতীয় দল ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল সফর স্থগিত করাতেই বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। সে শঙ্কা আপাতত দূর হলেও যুব বিশ্বকাপটা বাংলাদেশেই রাখতে হলে এখানকার নিরাপত্তার ব্যাপারে ডেভ রিচার্ডসন ও তাঁর দলের সন্তুষ্ট হওয়াটা জরুরি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আশাবাদী যে, আইসিসি প্রতিনিধি দল সন্তুষ্ট হয়েই বাংলাদেশ থেকে বিদায় নেবে।