আজ আসছে ইংল্যান্ড দল
শঙ্কার মেঘ কেটে গিয়েছিল আগেই। বিসিবি ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে গত ২৫ আগস্ট বাংলাদেশ সফরে দল পাঠানোর ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে অবশেষে আজ রাত ৮টা ৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। তবে তার আগে কাল রাতেই ঢাকায় পৌঁছে গেছে রেগ ডিকাসনের
নেতৃত্বাধীন ইসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল।
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে কালো ছায়া ফেলেছিল হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা। পরে ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে সিরিজের নিরাপত্তা নিয়ে আলোচনা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে দলটি। তাঁদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ সফরে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
ইংল্যান্ড দলের জন্য প্রতিশ্রুত সব রকম নিরাপত্তাব্যবস্থাই নিয়েছে বাংলাদেশ। ঢাকায় অতিথি ক্রিকেট দলটির ঠিকানা হোটেল র্যাডিসন, চট্টগ্রামেও তা-ই। মাঠ, হোটেল এবং মাঠ-হোটেল যাওয়া-আসার পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। এদিক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুবিধা করে দিয়েছে কাল শেষ হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি। এই সিরিজের নিরাপত্তা কার্যক্রমে ইংল্যান্ড দলকে দেয় নিরাপত্তাব্যবস্থার মহড়াও হয়ে গেছে।
অবশ্য সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েও বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন এউইন মরগান। তাঁর পরিবর্তে ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার। তবে বাংলাদেশে আসার ঠিত আগ মুহূর্তে আরও দুঃসংবাদ শুনতে হয়েছে ইংল্যান্ডকে। কাঁধের চোট পুরোপুরি সারেনি বলে আসতে পারছেন না জেমস অ্যান্ডারসন। অ্যাঙ্কেলের চোটের জন্য ছিটকে পড়েছেন আরেক পেসার মার্ক উডও। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন ও জ্যাক বল।
আফগানিস্তান দল রয়েছে, আজ রাতে চলে আসছে ইংল্যান্ড দল। আগামী দুই দিন তাই দুটি আন্তর্জাতিক ক্রিকেট দল বাংলাদেশে অবস্থান করবে একসঙ্গে। কাল সিরিজের শেষ ওয়ানডে খেলে আফগানরা দেশে ফিরবে ২ অক্টোবর।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে ১২ অক্টোবর। ওই ভেন্যুতেই ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর থেকে। টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়ানডের আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে সে ম্যাচটি হবে ৪ অক্টোবর।