ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ। আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। সে জন্যই নিরাপত্তা ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করতে তাদের এই তিন দিনের সফর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধিদল। তাদের সাক্ষাৎ করার কথা আছে ঢাকার যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও। সরকারের আর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে ইসিবির প্রতিনিধিদলকে সেটারও ব্যবস্থা করে দেবে বিসিবি। তিন সদস্যের দলে আছেন ইসিবির নিরাপত্তা পরামর্শক সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার।
আগামী ৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের। সূচিও ঘোষণা হয়ে গেছে এর মধ্যে। কিন্তু গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর সিরিজের ভবিষ্যৎ কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসিবি জানিয়েছিল, তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিসিবি অবশ্য বারবারই বলে আসছে, সফরের ব্যাপারে ইসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে এবং সেটা সিরিজ হবে ধরে নিয়েই।
কালও যথেষ্ট আশাবাদী শোনাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে, ‘এটা ওদের একটা রুটিন সফর। ভারত হয়ে প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। আর বাংলাদেশে এসে যে তারা শুধু নিরাপত্তাব্যবস্থাই দেখবে, তা নয়। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে সিরিজ-সংক্রান্ত অন্য সুযোগ-সুবিধাও পর্যবেক্ষণ করবে।’
হলি আর্টিজানের ঘটনার কারণে ইসিবির প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ইসিবির প্রতিনিধিদলকে তাই বিদেশি সংবাদমাধ্যম বলছে ‘নিরাপত্তা পর্যবেক্ষক দল’। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার তাতে প্রবল আপত্তি, ‘তাদের এই সফর গুলশানের ঘটনার অনেক আগেই ঠিক হয়েছিল। যেকোনো সফরের আগেই ইসিবি সবকিছু পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠায়। নিরাপত্তাব্যবস্থা দেখাই তাদের সফরের একমাত্র উদ্দেশ্য নয়।’