আজ আসছেন ওয়ালশ
বোলিং কোচ ঠিক হয়ে গেছে, অচিরেই নাম ঘোষণা করা হবে। অনেক দিন ধরে বারবারই এমনটি বলে আসছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় কোর্টনি ওয়ালশই বাংলাদেশের নতুন ফাস্ট বোলিং কোচ। কাল সকালে সিঙ্গাপুর থেকে ফিরে বিসিবি সভাপতি নতুন যে তথ্যটি দিলেন, ওয়েস্ট ইন্ডিজের বোলিং কিংবদন্তি আসছেন আজ রাতেই।
ওয়ালশ সর্বশেষ দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবে। বিসিবির সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেলেও ভারতের বিপক্ষে ক্যারিবীয়দের সিরিজ থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারছিলেন না তিনি। নাজমুল জানিয়েছেন, এ কারণেই বোলিং কোচের নাম ঘোষণা করতে দেরি হয়েছে বিসিবির।
নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা পেসারদেরই একজন ওয়ালশ। তবে খেলোয়াড়ি জীবন শেষে বেশির ভাগ সময় ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজেই যুক্ত ছিলেন ওয়ালশ। জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই সাবেক এই ক্যারিবীয় ফাস্ট বোলারের। তারপরও শুরু থেকেই বিসিবির প্রথম পছন্দ ছিলেন ওয়ালশই। বিসিবি-প্রধান তাঁকে বেছে নেওয়ার কারণ হিসেবে জানালেন, ‘তিনি মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, টেকনিক্যালি তিনি অনেক সমৃদ্ধ। তিনি জানেন কী করতে হবে। আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবেন, সময়ই বলে দেবে। আমার ধারণা, তিনি আমাদের পেস বোলিংয়ে বিরাট সংযোজন।’