একদিন পর আসছেন সিডন্স

ঢাকায় স্ত্রীর সঙ্গে জেমি সিডন্স, যখন বাংলাদেশের কোচ ছিলেনপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিকেলে ঢাকায় আসার কথা ছিল জেমি সিডন্সের। জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ এবার কাজ করবেন ব্যাটিং পরামর্শক হিসেবে। তবে জানা গেছে ফ্লাইট জটিলতায় তিনি আজ আসছেন না। এ অস্ট্রেলিয়ান ঢাকায় আসবেন কাল।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন সিডন্স। বর্তমান ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে হাই পারফরম্যান্স বিভাগের পাশাপাশি আর কীভাবে কাজে লাগানো যায়, সেটা আমরা দেখব।’

বাংলাদেশ দলের অনুশীলনে জেমি সিডন্স
ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি–টোয়েন্টির হোম সিরিজকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি প্রাথমিক অনুশীলন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান। মূল অনুশীলন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর। ছুটি শেষ করে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্য বিদেশি কোচিং স্টাফদের।

তার আগের এ কয়েক দিন বিপিএলের ম্যাচ দেখেই সময় কাটবে সিডন্সের। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে।

জাতীয় দলের কোচ হিসেবে অনেক কিছুতেই পেশাদারি এনেছিলেন সিডন্স
ছবি: এএফপি

তাঁর অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে জিতেছে ২টি, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৫৩ হারের বিপরীতে জয় ছিল ৩১টি। টি-টোয়েন্টিতে অবশ্য ৮ ম্যাচের ৮টিতেই হেরেছে।

তবে জয়-হারের পরিসংখ্যান ছাপিয়েও সিডন্সের অবদানকে বাংলাদেশের ক্রিকেটে অন্য মর্যাদায় দেখা হয়। তাঁর সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি চোখে পড়েছিল বলে দাবি করেন অনেকে। পাশাপাশি বাংলাদেশ দলে প্রথমবার পূর্ণ কোচিং স্টাফ আনা, দলে পেশাদারি ছড়িয়ে দেওয়ার কৃতিত্বও দেওয়া হয় সিডন্সকে।