আজ আসছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কাল গলা ফাটিয়েছেন নিজের দল কেরালা ব্লাস্টার্সের হয়ে। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নিজেদের প্রথম ম্যাচে অবশ্য হেরে গেছে কেরালা। গুয়াহাটি থেকেই আজ সকালে একটি চার্টার্ড বিমানে ঢাকায় আসছেন শচীন টেন্ডুলকার। উপলক্ষ গাজী ট্যাংক ক্রিকেটার্স থেকে নাম বদলে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ হওয়া ক্লাবের লোগো উন্মোচন। এমনিতে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবের লোগো উন্মোচন নিয়ে টেন্ডুলকারের আগ্রহের কারণ নেই। ভারতীয় কিংবদন্তি আসছেন মূলত বন্ধু ও এই ক্লাবের কর্ণধার লুৎফর রহমানের আমন্ত্রণ রক্ষা করতে।
লোগো উন্মোচন অনুষ্ঠান বেলা তিনটায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। তবে ইউনিসেফের দূত টেন্ডুলকার আগেই জানিয়ে রেখেছিলেন, সফরে কোনো জনসচেতনতামূলক কার্যক্রম রাখতে। ঢাকায় আসার পরপরই তাই হেলিকপ্টারে টেন্ডুলকারকে নিয়ে যাওয়া হবে লুৎফর রহমানের নিজ এলাকা ও ক্লাবের উৎসভূমি রূপগঞ্জে। সেখানে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময় কাটাবেন বাচ্চাদের সঙ্গে, কথা বলবেন স্যানিটেশন নিয়ে। দুপুরে লোগো উন্মোচন অনুষ্ঠানে টেন্ডুলকারের সঙ্গে থাকবেন আইসিসি প্রেসিডেন্ট, বিসিবির সাবেক প্রধান ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও। আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকা ছাড়ার কথা টেন্ডুলকারের।