আজ আসছেন হাথুরুসিংহে
ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ফিরে এসেছেন গত পরশু। কাল সকালে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের ফিজিও মারিও ভিল্লাভারায়ন। আজ রাতে চলে আসবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ছুটিতে ছিলেন জাতীয় দলের বিদেশি কোচ-ফিজিওরা। প্রিমিয়ার লিগের শেষ দিকে অবশ্য হাথুরুসিংহে কয়েক দিনের জন্য ঢাকায় ঘুরে গিয়েছিলেন। মিরপুরে গত ২০ জুলাই থেকে চলছে জাতীয় দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। তিন সপ্তাহ চলার কথা সেটি। হাথুরুসিংহে আসার পর ঠিক হবে পরবর্তী পরিকল্পনা।
বনানীতে কোচদের জন্য বিসিবির ভাড়া করা বাসা থাকলেও হ্যালসল ও মারিও এবার এসে উঠেছেন কুর্মিটোলা গলফ ক্লাবে। হাথুরুসিংহেও সেখানে উঠবেন। নিরাপত্তার কারণে বিদেশি কোচ-ফিজিওদের নতুন ঠিকানা আপাতত সেখানেই।
সহকারী কোচ রুয়ান কালপাগে অবশ্য এ ব্যবস্থায়ও সন্তুষ্ট নন। নিরাপত্তাহীনতার অজুহাত তুলে তিনি আপাতত ঢাকায় আসতে চাচ্ছেন না বলে জানা গেছে বোর্ড সূত্রে। হিথ স্ট্রিকের বিদায়ের পর এখনো শূন্য পেস বোলিং কোচের পদটিও। বোর্ড সভাপতি অবশ্য জানিয়েছেন, এ মাসের মধ্যেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন পেস বোলিং কোচ। বর্তমানে অন্যত্র চুক্তিবদ্ধ আছেন বলে কোচের অনুরোধেই আনুষ্ঠানিকভাবে নামটা ঘোষণা করছে না বিসিবি।