আজ একটু প্রতিদ্বন্দ্বিতার আশা
মিরপুর একাডেমি ভবনের সভাকক্ষে খেলোয়াড়দের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন ব্রাদার্সের কোচ সরওয়ার ইমরান। এই সময় কী এক কাজে একাডেমি ভবনে এলেন মোহামেডানের ব্যাটিং কোচ আফতাব আহমেদ। কাল দুজনের দেখা হয়েছে আগে অনুশীলনে, তবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁরা দুই প্রতিপক্ষ দলের কোচ।
আফতাবের কাছে এ ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কোচ হিসেবে বড় মঞ্চে অভিষেক হচ্ছে তাঁর। তিনি অবশ্য মোহামেডানের ব্যাটিং কোচ। নতুন ভূমিকায় রোমাঞ্চ যেমন জাগছে, একটু চাপও অনুভব করছেন আফতাব, ‘চাপ একটু আছে। কোচের কথা খেলোয়াড়েরা ঠিক শুনেছে কি শোনেনি, সেসব পরে। সবার আগে ব্যর্থতার দায় কোচদেরই নিতে হয়।’ একটা সময় যে দলে খেলেছেন, এখন সেই দলের কোচিং স্টাফ। নিজের শুরুটা তাই ভালো করতে চান আফতাব, ‘আশা করি, দলের শুরুটা ভালো হবে। তাতে আমারও সূচনা ভালো হবে।’
ঢাকা লিগে প্রথম রাউন্ডের আজ তিনটি ম্যাচের মধ্যে মোহামেডান-ব্রাদার্স ম্যাচটিই ক্রিকেটমনস্ক মানুষের আগ্রহের কেন্দ্রে। তবে ব্রাদার্স কোচ ইমরান এটিকে বড় ম্যাচ হিসেবে ভাবতে চান না, ‘আসলে বড়-ছোট ম্যাচ নয়, জানি মোহামেডান শক্তিশালী দল। আমাদের ওপর অবশ্য বাড়তি চাপ নেই। যে কেউ জিততে পারে। নিজেদের কাজটা করতে চাই। ফল নিয়ে চিন্তা করছি না। ভালো খেললে ফল এমনি আমাদের পক্ষে আসবে।’
দুটি বড় দলের লড়াই অদৃশ্য চাপ তো বয়ে নিয়ে চলেই। তবে ব্রাদার্সের ‘আইকন’ খেলোয়াড় ইমরুল কায়েস সেই চাপ অনুভব করছেন না, ‘একটা সময় দর্শকের অনেক চাপ ছিল। এখন সেটি বদলে গেছে। সবাই জানে, ক্রিকেটে খারাপ-ভালো দুটি দিকই থাকে। পেশাদার ক্রিকেটার হিসেবে এর সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে।’
বিকেএসপিতে মুখোমুখি ভিক্টোরিয়া ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে বিশেষ দৃষ্টি থাকবে মুমিনুল হক-সৌম্য সরকারের দিকে। দুজনের সামনেই নতুন চ্যালেঞ্জ। মুমিনুল চান ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে আর সৌম্য ছন্দে ফিরতে। কাল দুপুরে বিকেএসপিতে রওনা হওয়ার আগে প্রত্যয়ী কণ্ঠে ভালো কিছু করার কথাই জানিয়ে গেলেন সৌম্য, ‘মাঠে নামব জেতার জন্যই। শুরুটা ভালো হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। আমরা লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’ কাগজে-কলমে রূপগঞ্জ এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখেন এই বাঁহাতি ওপেনার, ‘প্রতিপক্ষ ছোট, মাঝারি কিংবা বড় দল হোক, সব সময় তাদের গুরুত্বের সঙ্গেই নেওয়া উচিত।’
ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি। মাহমুদউল্লাহর নেতৃত্বে সোহাগ গাজী, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, শফিউল ইসলামদের মতো অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে গড়া শেখ জামাল স্পষ্টতই এগিয়ে। তবে তাতে ভড়কে যাচ্ছে না কলাবাগান ক্রিকেট একাডেমি। দলটির অধিনায়ক মাহমুদুল হাসান জয় দিয়েই শুরু করতে চান, ‘চেষ্টা করব ভালোভাবে শুরু করতে। প্রতিপক্ষ দল নিয়ে কিছু কৌশল তো থাকেই। তবে ওই দলে কে আছে, সেটা নিয়ে ভাবছি না। আমাদের মূল শক্তি তারুণ্য। সব খেলোয়াড় কাছাকাছি বয়সের। এই শক্তিটা কাজে লাগাতে চাই।’
প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই হয়েছে একপেশে। ফতুল্লায় আবাহনী জিতেছে ৭ উইকেটে, বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে এবং মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০৬ রানে। এই রাউন্ডের শেষ তিনটি ম্যাচ কি অপেক্ষা করছে রোমাঞ্চের পসরা সাজিয়ে?
আজকের খেলা
কলাবাগান ক্রিকেট একাডেমি-শেখ জামাল
(সকাল ৯টা, ফতুল্লা)
মোহামেডান-ব্রাদার্স
(সকাল ৯টা, মিরপুর)
লিজেন্ডস অব রূপগঞ্জ-ভিক্টোরিয়া স্পোর্টিং
(সকাল ৯টা, বিকেএসপি)