আজ একাদশে আরাফাত সানি

‘বাংলাওয়াশে’এর লক্ষ্যে তৃতীয় ওয়ানডেটি বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে—এমন ভাবনাটা খুবই স্বাভাবিক। কিন্তু আজ বাংলাদেশ মাঠে নামছে দলে একটি পরিবর্তন নিয়ে। তাসকিন আহমেদকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে।
তাসকিন সামান্য চোটগ্রস্ত হওয়াতে কালই দলে ডাকা হয়েছিল লেগস্পিনার জুবায়ের হোসেনকে। আরাফাত সানি তো আগে থেকেই দলে ছিলেন। কিন্তু চার পেসারের পরিকল্পনায় তাঁর স্থান হচ্ছিল ডাগ আউটেই। জুবায়েরকে খেলাব কি খেলাব না—এমন দোটানার মধ্যেই বোধ হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আস্থা রাখল আরাফাত সানির অভিজ্ঞতার ওপর।
টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া বাংলাদেশ দলে আজ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেনের গতি আর মুস্তাফিজুর রহমানের কৌশলী বোলিংয়ের সঙ্গে যোগ হচ্ছে আরাফাত সানির ঘূর্ণি।
ভারতীয় দলে আজ আবার দুটি পরিবর্তন হয়েছে। বসিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তাঁর বদলে খেলবেন স্টুয়ার্ট বিনি। পেসার ভুবনেশ্বর কুমারের জায়গায় এক ওয়ানডে বাদে দলে এসেছেন উমেশ যাদব।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন