আজ একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ থাকারই সম্ভাবনা বেশি বাংলাদেশের। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ থাকারই সম্ভাবনা বেশি বাংলাদেশের। ছবি: রয়টার্স
>

লন্ডনের সকালটা আজ বেশ উপভোগ্য। রোদ উঠেছে, আকাশে যদিও মেঘ আছে। তবুও আশা করা যায়, ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচটায় প্রকৃতি বাগড়া দেবে না! কিন্তু এই ম্যাচে কি বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে?

ইংলিশ আবহাওয়া আসলেই বিচিত্র! কাল বিকেলেও কী বৃষ্টি, কালো মেঘে ঢেকে ছিল পুরো আকাশ। আর শরীর কাঁপিয়ে দেওয়া হিম বাতাস। অথচ আজ সকালেই হেসে উঠেছে রৌদ্রজ্জ্বল মামা। রৌদ্রোজ্জ্বল সকালের আদর্শ সংজ্ঞা বুঝি একেই বলে! তবে ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দিবারাত্রির ম্যাচে এ আবহাওয়াই থাকবে কি না, সেটি নিশ্চিত করে বলার উপায় নেই!

কেন উপায় নেই, কারণটা আগেই বলা হলো—ইংল্যান্ডের আবহাওয়া বড়ই বিচিত্র! দিনের পূর্বাভাস সব না বললেও আশা তো করাই যায়, রোববারের মতো আজও সুন্দর উপভোগ্য আবহাওয়ায় দুর্দান্ত এক ম্যাচ হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের। এই ম্যাচে কি একাদশে কোনো পরিবর্তন আনবে বাংলাদেশ? স্টিভ রোডসও কম যান না। সাংবাদিকেরা যতই নানা কৌশলে একাদশ জানতে চান না, কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ততই পিছলে যান, ‘আহ-হা, না, সংবাদমাধ্যমকে তো বলবই না যে কোন একাদশ নিয়ে খেলতে যাচ্ছি। আসলে আমাদের এখনো বসা হয়নি। এ প্রশ্নের উত্তর তাই আপনাদের বলতে পারব না।’

একাদশ না বললেও রোডস এটা জানিয়ে গেলেন, আজ খেলা একেবারে ‘ফ্রেশ’ উইকেটে। কাল বিকেলে সেই ফ্রেশ উইকেটে ঘাসের দেখাও মিলল। তবে আজ সকালেই এ ঘাস কেটে ফেলার কথা। ঘাস যদি থাকে আর আকাশটা মেঘলা থাকে, নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের চোখটা চকচক করে ওঠার কথা। তবে আইসিসি যেহেতু চায় রানের খেলা হোক, উইকেটে ঘাস থাকার সম্ভাবনা খুবই কম। উইকেট-আবহাওয়া যেমনই হোক, বাংলাদেশের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনাও খুবই কম।

আর কোথায়-বা পরিবর্তন আনবে? বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়েছে ‘দশে মিলে করি কাজ’ নীতিতে। বোলিং-ব্যাটিং কোনো বিভাগ নিয়ে আপাতত প্রশ্ন তোলার সুযোগ নেই। কন্ডিশন বিবেচনায় পরিবর্তন যদি আসেও সেটি আসতে পারে বোলিংয়ে। তবে টিম ম্যানেজমেন্টের হাবভাব দেখে মনে হচ্ছে না সাইফউদ্দিনকে বসিয়ে রুবেল হোসেনকে তারা সুযোগ দেবেন। বরং সাইফউদ্দিন আরও ফিট হয়েই উঠেছেন বলে খবর।