আজ কি পারবেন এনামুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধের চোটে আগেভাগেই বিশ্বকাপ শেষ হয়েছিল এনামুল হক বিজয়ের। জাতীয় দলের ওপেনার এরপর চোটের সঙ্গে লড়াই করে ফিরেছেন মাঠে। খেলছেন বিসিএলের দীর্ঘ পরিসরের ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে। এনামুলের পরবর্তী লক্ষ্য—নিশ্চিতই জাতীয় দলে ফেরা। কিন্তু কাজটা মোটেও সহজ নয়। প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে বেশ কজন—সৌম্য সরকার, রনি তালুকদার, লিটন দাস। উপায় একটাই রান করে যাওয়া ও নির্বাচকদের নজরকাড়া। এনামুল করছেন সেটাই। ফতুল্লায় বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৪ রান করার পর কাল দ্বিতীয় ইনিংসে ৯৬ করে অপরাজিত। প্রথম শ্রেণির ক্যারিয়ারের নবম সেঞ্চুরির লক্ষ্যেই আজ আবার ব্যাট হাতে নামবেন এনামুল।
এনামুলের দল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলও আছে সুবিধাজনক অবস্থানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৩ রান তুলে উত্তরের চেয়ে এখনই ৩৩০ রানে এগিয়ে দক্ষিণ। উত্তরাঞ্চলকে ২৩৫ রানে অলআউট করে দিলেও নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। পঞ্চম ওভারেই দলকে ১৪ রানে রেখে ফিরেছেন ধারাবাহিকভাবে ব্যর্থ ইমরুল কায়েস। আন্তর্জাতিক, ঘরোয়া ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে আগের ১৩ ইনিংসে ১৪২ রান করা এই বাঁহাতি কাল আউট ১০ রান করে।
তবে সৈকত আলীকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন এনামুল, পরে তুষার ইমরানের সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে যোগ করেছেন আরও ১১২ রান। নিজের ফিফটিটা করেছিলেন ৯১ বলে। শেষ পর্যন্ত এনামুলের ১৫৪ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংসে ১০টি চার, ছক্কা দুটি। আউট হওয়ার আগে সৈকত ৫৭ বলে ৮ চার ও ২ ছয়ে করেছেন ৫৪। অভিজ্ঞ তুষার অপরাজিত ৪৮ রানে।
এর আগে ৫ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল আরও ৭৪ রান যোগ করে লাঞ্চের কিছু পরেই অলআউট। আগের দিন ৪২ রানে অপরাজিত নাঈম ইসলাম ফিরেছেন মাত্র ২ রান যোগ করেই। চার বলের মধ্যে উত্তরের শেষ দুটি উইকেট তুলে নেওয়া পেসার আল আমিন হোসেন সব মিলিয়ে পেয়েছেন ৪ উইকেট। আল আমিনের মতোই সমান ৬৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও।