২০১৪ সালের বাংলাদেশ সফরটা জিম্বাবুয়ের কাছে ছিল দুঃস্বপ্ন। সফরের তিন টেস্ট ও পাঁচ ওয়ানডেতেই পরাজয় সঙ্গী হয়েছিল জিম্বাবুইয়ানদের। ওই সফরের পর টেস্ট ক্রিকেটে আর দেখা যায়নি জিম্বাবুয়েকে। অবশেষে ২০ মাসের নির্বাসন কাটিয়ে আজ আবার সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তাদের। আজ বুলাওয়েতে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। সিরিজের পরের টেস্টটিও হবে এখানে।
বুলাওয়েতে টেস্ট ক্রিকেট ফিরছে পাঁচ বছর পর। ২০১১ সালে এই ভেন্যুতে সর্বশেষ টেস্টটা এই নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিল জিম্বাবুয়ে। দারুণ জমেছিল ম্যাচটি। ৩৬৬ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৩৪ রানে হেরেছিল স্বাগতিক দল।
ম্যাচটাকে মনে রেখেছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। তাই শক্তির বিচারে অনেকটা এগিয়ে থেকেও কিউই কোচ বেশ সাবধানী, ‘বুলাওয়েতে আমাদের খেলা সর্বশেষ টেস্টে দারুণ লড়াই হয়েছিল। আমাদের ধারণা, এবারও টেস্ট সিরিজটা কঠিন হবে।’
আজ দুই দলই নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে। নিউজিল্যান্ডের ২৯তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে কেন উইলিয়ামসনের। জিম্বাবুয়ে দায়িত্বটা তুলে দিয়েছে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের হাতে। এএফপি।