আজ থেকে আবার জাতীয় লিগ
বিপিএল শেষে কদিনের বিরতির পর বিসিবি একাডেমি মাঠে আবার আনাগোনা খেলোয়াড়দের। তাঁদের সামনে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধানতম আসর। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কারণ দেখিয়ে ১১ অক্টোবর তৃতীয় রাউন্ড শেষে ১৮তম জাতীয় লিগ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। তারপর কেটে গেল আড়াই মাস, অবশেষে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে আজ থেকে।
আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আগের তিন রাউন্ডে জাতীয় লিগ খেলতে পারেননি বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। নিউজিল্যান্ড সিরিজের ডামাডোলে এবারও জাতীয় লিগ থাকবে তারকাশূন্য। আগের রাউন্ডগুলোর অধিকাংশ ম্যাচেই ছিল বৃষ্টির উপদ্রব। ১২ ম্যাচের দুটিতে শুধু ফল এসেছে। বাকি ১০টি ড্র।
জাতীয় লিগের প্রথম স্তরে শীর্ষে আছে বরিশাল বিভাগ। এই স্তরে বরিশালের সঙ্গে ঢাকার দুটি দল ছাড়াও আছে খুলনা। প্রথম তিন রাউন্ডে বরিশালের প্রতিটি ম্যাচই ড্র হয়েছে। বরিশাল অধিনায়ক ফজলে মাহমুদ বিকেএসপিতে খুলনার সঙ্গে ম্যাচটিতে জিততে চান, ‘আমরা চাই এই ম্যাচে ফল আসুক। সবাই আত্মবিশ্বাসী, খেলোয়াড়েরাও ছন্দে আছে। গত দুই বছর জাতীয় লিগে বরিশাল ভালো খেলছে। ধীরে ধীরে দলে ম্যাচ জেতানো খেলোয়াড় বাড়ছে। আমাদের মূল লক্ষ্য প্রথম স্তরে টিকে থাকা। শীর্ষস্থান কে হারাতে চায়?’
দ্বিতীয় স্তরে সবার ওপরে আছে রাজশাহী। বগুড়ায় তারা খেলবে সিলেটের সঙ্গে। রাজশাহী অধিনায়ক জহুরুল ইসলাম বলছেন, প্রথম স্তরে ওঠাই তাঁদের লক্ষ্য, ‘দুইয়ে থাকা রংপুরের চেয়ে আমাদের ৫ পয়েন্ট বেশি আছে। ওরা আমাদের খুব বেশি পেছনে নেই। প্রথম স্তরে উঠতে সামনের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যত পয়েন্ট বেশি নেওয়া যাবে আমাদের জন্য ততই ভালো। আর এখন আবহাওয়াও চমৎকার। পুরো চার দিন খেলা যাবে।’