আজ থেকে শেষের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার মৌসুমের শেষ দিনের শেষ মুহূর্তে মীমাংসা হয়েছিল জাতীয় লিগের শিরোপার। ঢাকা মহানগরের শেষ উইকেটটি তুলে নিয়ে রংপুর যখন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দিনের খেলা শেষ হতে বাকি ছিল মিনিট চারেক। এবারও কি রুদ্ধশ্বাস সমাপ্তি দেখবে জাতীয় লিগ?

উত্তরটা ‘হ্যাঁ’ হওয়ার সম্ভাবনাই বেশি। ১৭তম জাতীয় লিগের পয়েন্ট তালিকা ইঙ্গিত দিচ্ছে জমজমাট পরিসমাপ্তির। প্রথম স্তরের চার দলের তিনটিই আছে শিরোপাদৌড়ে। ৫ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা। ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে এরপরই আছে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ। ৩১ পয়েন্ট নিয়ে একটু বেশিই পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। চট্টগ্রামে খুলনার মুখোমুখি হওয়া রংপুরকে লড়তে হচ্ছে অবনমন বাঁচাতে। এই ম্যাচে শুধু জিতলেই হবে না রংপুরকে, অবনমন বাঁচাতে তাকিয়ে থাকতে হবে কক্সবাজারে দুই ঢাকার লড়াইয়ের দিকেও। মজার ব্যাপার, গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার সূক্ষ্ম সম্ভাবনা আছে অবনমন বাঁচাতে লড়তে থাকা রংপুরেরও। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে দুই ঢাকাকে শুধু জিতলেই চলবে না, খুলনা যাতে না জেতে সেই প্রার্থনাও করতে হবে।

দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠতে বরিশালের শুধু ৩টি বোনাস পয়েন্ট পেলেই হয়। দলটি বগুড়ায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রামে। অন্য ম্যাচে খুলনা সিলেটের বিপক্ষে খেলবে রাজশাহী।

বোনাসসহ এক ম্যাচ থেকে সর্বোচ্চ ১৮ পয়েন্ট পাওয়া সম্ভব। ম্যাচ জয়ের জন্য ১০, প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য ১, ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ ও বোলিং থেকে সর্বোচ্চ ৩ পয়েন্ট পেতে পারে একটি দল। ব্যাটিং-বোলিংয়ের বোনাস হিসাব হবে প্রথম ইনিংসের প্রথম ১১০ ওভারে দলগুলোর অবস্থান থেকে। ১১০ ওভারের মধ্যে ৪০০ রান করতে পারলে ৪ পয়েন্ট, এই ওভারের মধ্যে প্রতিপক্ষের ৯ বা ১০টি উইকেট নিতে পারলে সর্বোচ্চ ৩ পয়েন্ট পায় দলগুলো। কিন্তু ২৫০-এর নিচে অলআউট হলে কিংবা প্রতিপক্ষের ৩ উইকেট নিতে না পারলে কোনো বোনাস পয়েন্ট নেই। ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসের বোনাসের বাইরে ৩ পয়েন্ট পাবে প্রতিটি দল।

পয়েন্ট তালিকা

প্রথম স্তর

                 ম্যাচ জয় হার  ড্র পয়েন্ট

খুলনা বিভাগ        ৫     ১     ০    ৪     ৪৭

ঢাকা মহানগর        ৫     ১     ০    ৪     ৪১

ঢাকা বিভাগ         ৫     ১     ১    ৩     ৪০

রংপুর বিভাগ       ৫     ০    ২    ৩     ৩১

দ্বিতীয় স্তর

বরিশাল বিভাগ    ৫     ২     ০    ৩     ৫৩

রাজশাহী বিভাগ   ৫     ১     ১    ৩     ৩৭

সিলেট বিভাগ      ৫     ১     ১    ৩     ৩৫

চট্টগ্রাম বিভাগ      ৫     ০    ২    ৩     ৩১