আজ দর্শকই আসেনি

খাঁ খাঁ করছে গ্যালারি! দর্শকদের ভিড় নেই স্টেডিয়াম গেটেও। দেখা নেই খেলোয়াড়, কোচিং স্টাফদের। হন্তদন্ত হয়ে ছোটাছুটি নেই আয়োজকদের। প্রেসবক্সেও নেই কর্মব্যস্ততা। বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চিরচেনা দৃশ্য হঠাৎই উধাও। উৎসব উৎসব আবহ নয়, মিরপুর ঢেকে আছে নীরবতায়। বৃষ্টিতে থমকে গেছে বিপিএলের সব আয়োজন।
গতকাল তা–ও কুমিল্লা ভিক্টোরিয়ানস-রাজশাহী কিংসের টসটা হয়েছিল। আজ সেটিও হয়নি। বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের খেলোয়াড়েরা আবদ্ধ ড্রেসিংরুমে। পুরো মাঠ আচ্ছাদনে ঢাকা। আজকের দিনের প্রথম খেলাও পরিত্যক্ত হয়ে গেল। এমনকি সন্ধ্যায় কুমিল্লা-ঢাকা ডায়নামাইটসের ম্যাচও না হওয়ার আশঙ্কা বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে। লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ও আজ শনিবার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার যে আভাস, নিম্নচাপটি কাল রোববার সকালে উপকূল অতিক্রম না করা পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা কম। তার মানে বৃষ্টিবাধায় বিপিএলে কালকের ম্যাচ দুটিও না হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল টিকিট কেটে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে গেছেন দর্শক। টিকিটের দামও ফেরত পাওয়া যায়নি। আজ তাই টিকিটের দাম গচ্চা গেলেও হয়তো কেউ মাঠে আসেননি।