আজ দুপুরেই ঢাকায় পাকিস্তান দল
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পার্কিংয়ে অনেক দিন পর একসঙ্গে এত গাড়ি। খেলোয়াড়দের গাড়ি, বোর্ড কর্মকর্তা-নির্বাচক-কোচিং স্টাফদের গাড়ি। টেলিভিশন চ্যানেলের গাড়িও কম নয়। স্টেডিয়ামের সামনে গাড়ির সারি দেখেই বোঝা যাচ্ছিল, বাংলাদেশের ক্রিকেটে আবার ব্যস্ত দিন এসে পড়ল।
বিশ্বকাপের সময় শেরেবাংলা স্টেডিয়াম আর বিসিবি কার্যালয় ছিল নিস্তরঙ্গ। বিসিএল তাতে কিছুটা প্রাণ ফেরালেও কালই সত্যিকার অর্থে আবার গমগম করে উঠল ‘হোম অব ক্রিকেট।’ ইনডোরের বাইরের উইকেটে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় পাকিস্তান সিরিজের ঐচ্ছিক অনুশীলন। দুপুর দেড়টায় মূল স্টেডিয়ামে শুরু হলো বিসিএলের দিবারাত্রির ফাইনাল। মাঝে মিডিয়া লাউঞ্জে হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রির সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনও।
তিন ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল থেকে। বিসিএল ফাইনাল শেষ হওয়ার আগেই কাল অর্ধেকেরও কম ক্রিকেটার নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের অনুশীলনে নেমে পড়াও বলে দিচ্ছে, হাতে সময় বেশি নেই। পাকিস্তান দলই তো চলে আসছে আজ দুপুরে। কাল সকালে প্রথম অনুশীলন করবে তারা, পরশু ফতুল্লা স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে এক দিনের প্রস্তুতি ম্যাচ।
অনেক খেলোয়াড় বিসিএলের ফাইনালে ব্যস্ত থাকলেও ওই পাঁচ-ছয়জনকে নিয়েই হাথুরুসিংহের ক্লাসটা হলো পুরোদমে। প্রায় আড়াই ঘণ্টার অনুশীলনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে তাঁর চিন্তাটাও একটু পরিষ্কার হলো। পাকিস্তানের বাঁহাতি পেসারদের যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন কোচ। অনুশীলনে বোলিং মেশিনটা এমনভাবে বসানো হলো যেন নেটে বাঁহাতিদের পেস বল খেলার আমেজ পান ব্যাটসম্যানরা। সঙ্গে বাঁহাতি নেট বোলারও ছিল কয়েকজন।
তবে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। চার-পাঁচ দিন ধরে কফের সঙ্গে রক্ত যাচ্ছিল বলে পরশু ফুসফুসের এমআরআই করিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন কাল। চিকিৎসকেরা বলেছেন, ফুসফুসে স্বাভাবিকের চেয়ে বড় আকৃতির একটা গ্ল্যান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এটা মারাত্মক কিছু নয় বলেই জানিয়েছেন মাশরাফি, ‘ডাক্তাররা বলেছেন এটা বড় কোনো সমস্যা নয়। অনেক সময় সুস্থ মানুষেরও এ রকম হতে পারে। তবে ১৪-১৫ দিন পর আবার একটা এমআরআই করাতে হবে।’
প্রথম দিনের অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এলেন নবাগত রনি তালুকদার। এই এক দিনেই যেন নতুন জায়গায় আসার সংকোচ কেটে গেছে তাঁর, ‘আমার একদমই নার্ভাস লাগেনি। আমি তো মোটামুটি সবাইকে চিনি। সবার বলও আগেই খেলেছি। কোচদের মধ্যে কালপাগের সঙ্গে ২০০৮-এর হাইপারফরম্যান্স ক্যাম্প থেকেই পরিচয়। অন্য কোচরাও আমার প্রতি ভালোই মনোযোগ দিয়েছেন।’
বিসিএল শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের অনুশীলন পূর্ণতা পাবে আজ। অসুস্থ বাবার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাব্বির রহমান বিসিবি পূর্বাঞ্চলের হয়ে বিসিএল ফাইনালটাও খেলেছেন। কাল সকালে আইপিএল থেকে ফিরে এসেছেন সাকিব আল হাসানও। আর মাশরাফি তো আছেনই। পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের দলের সবাইকেই তাই আজকের দিনব্যাপী অনুশীলনে পাওয়ার কথা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে স্ট্রেংথ ট্রেনিং। বিকেল ৪টায় টিম মিটিং। এরপর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাডলাইটের নিচে অনুশীলন। অনুশীলন আছে কাল পয়লা বৈশাখেও। বাংলাদেশ দল হোটেলে উঠবে আগামী পরশু।