নিউজিল্যান্ডের কন্ডিশনে ক্রিকেট খেলাটা যে একটু কঠিন, সেটা এখন পর্যন্ত তাঁরা শুধু শুনেই এসেছেন, আর দেখেছেন টেলিভিশনে। প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়নি কখনো। হবে কীভাবে? আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে যে এবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল!
আজ দুপুরে নিউজিল্যান্ডের বিমান ধরার আগে ১৬ সদস্যের দলের মূল কৌতূহলটা তাই ওখানকার কন্ডিশন নিয়ে। সেই কৌতূহল দূর করতে দলের ক্রিকেটাররা কথা বলেছেন ছেলেদের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। দলের অধিনায়ক নিগার সুলতানার আশা, নিউজিল্যান্ডে গিয়ে করা প্রস্তুতি ক্যাম্পের মাধ্যমে বিশ্বকাপের আগেই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন তাঁরা, ‘প্রথম দিকে আমাদের হয়তো মানিয়ে নিতে একটু সমস্যা হবে। নিউজিল্যান্ডে খেলে আসা ভাইয়াদের (জাতীয় দলের ক্রিকেটার) সঙ্গে দলের অনেকে ব্যক্তিগতভাবে কথা বলেছে। আমরা যতটুকু সময় পাব, তাতে কন্ডিশনের সমস্যা কাটিয়ে উঠতে পারব আশা করি। চেষ্টা করব প্রস্তুতিটা ভালো করতে।’
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে পাওয়া ‘নিউজিল্যান্ড-অভিজ্ঞতা’র কথা বলছিলেন দলের ক্রিকেটার রুমানা আহমেদ, ‘আমাদের হাতে সময় কম ছিল। এর মধ্যেই চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো প্রস্তুতি নেওয়া যায়। কন্ডিশন নিয়ে ভাইয়াদের অনেকের সঙ্গে কথা বলেছি। তাঁরা অনেকবার সেখানে খেলেছেন। অনেকে বলেছেন উইকেট স্কিডি, একটু দ্রুত বল আসবে। আমাদের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে।’
মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপে এবারই প্রথম খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রথমবারে বড় কোনো আশা নেই অধিনায়ক নিগারের, ‘আমরা এই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছি। সেমিফাইনাল-ফাইনালে খেলার মতো আকাশচুম্বী লক্ষ্যের কথা তাই বলতে চাই না। আমরা দল হয়ে খেলব, ম্যাচ ধরে ধরে খেলব। খেলতে গেলেই বুঝতে পারব বিশ্বকাপে লক্ষ্যটা আসলে কী হতে পারে।’
বিশ্বকাপ দিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। বড় মঞ্চে জাহানারার মতো অভিজ্ঞ কারও থাকাটাকে বড় পাওয়াই মনে করছেন নিগার, ‘জাহানারা আপু দলের একজন অভিজ্ঞ ও বাংলাদেশের সেরা ফাস্ট বোলার। তিনি দলে থাকলে একটা ভরসা পাওয়া যায়।’
আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ১৪ মার্চ হ্যামিল্টনে প্রতিপক্ষ পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের ফাইনাল হবে ৩ এপ্রিল, ক্রাইস্টচার্চে।
অকল্যান্ডে পৌঁছে বাংলাদেশ নারী দলকে আগে ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে। বিশ্বকাপের এত আগে নিউজিল্যান্ডে চলে যাওয়ার এটাই কারণ। এরপর নেলসনে হবে প্রস্তুতি ক্যাম্প। মূল টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তার আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষেও দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। এর বাইরে আরও একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা হয়েছে আগেই। গতকাল স্ট্যান্ডবাই তালিকায় যোগ করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার নুজহাত তাসনিয়া ও সানজিদা আক্তারকে।