
প্রত্যাবর্তনের গল্পই আজ লেখা হচ্ছে করাচির সাউদএন্ড ক্রিকেট ক্লাব মাঠে। ২০০৬ সালের পর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলও প্রায় ১৮ মাসের বিরতি কাটিয়ে আজ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে।
আলোচিত পাকিস্তান সফরের আগে সালমারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালে ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটা ১৭ রানে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল আগের ম্যাচটাও। তাই আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচটা জিতে গেলে প্রথমবারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি জিতবে সালমার দল।
কিন্তু বাংলাদেশ দল ক্রিকেটে কতটা মনোযোগ দিতে পারে, বড় প্রশ্ন সেটিই। মেয়েদের ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে তো কম চাপান-উতোর হয়নি। নিরাপত্তার শঙ্কাটা বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে ছিল সফরকে ঘিরে। ক্রিকেট ছেড়ে বেশি কথা হয়েছে নিরাপত্তা নিয়েই।
করাচিতে পৌঁছার পর অবশ্য অধিনায়ক সালমা বলে দিলেন পাকিস্তানে তাঁরা কোনো অস্বস্তি বোধ করছেন না এবং তাঁদের সব মনোযোগ এখন ক্রিকেটেই। করাচিতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল কাল, সেখানেই কথা বলেছেন সালমা, ‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, আর আমাদের কোনো অস্বস্তি নেই। এখানকার পরিবেশটা আমাদের দেশের মতোই। আমরা পাকিস্তানের শক্তিশালী দলটার সঙ্গে খেলতে পুরোপুরিই প্রস্তুত।’
ওয়ানডেতে জয়-পরাজয়ের হিসাবে দুই দলই আছে সাম্যাবস্থায়। তবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের সঙ্গে এখনো পেরে ওঠেননি বাংলাদেশের মেয়েরা। মুখোমুখি হওয়া চার ম্যাচেই জিতেছে পাকিস্তানিরা। তথ্যসূত্র: এএফপি।