আজ প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

তৃতীয় দিনশেষে যেখানে দাঁড়িয়ে ঢাকা টেস্ট, একটা ব্যাপার নিশ্চিত, বৃষ্টি বা অন্য কিছু বাধা হয়ে না দাঁড়ালে এ টেস্টে ফল হচ্ছে। সেটি পাকিস্তানের পক্ষে হতে পারে, অথবা বাংলাদেশেরও!
কোনো সন্দেহ নেই, পাকিস্তান খুবই ভালো অবস্থানে আছে। আমি আগের দিন বলেছিলাম, প্রথম ইনিংসে সাকিবের দিকে তাকিয়ে থাকব। পাশাপাশি অন্যদের চেষ্টা হবে ওকে সঙ্গ দেওয়া। সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। দুর্ভাগ্যজনকভাবে অন্য কেউ ওকে সঙ্গ দিতে পারেনি। কৃতিত্বটা অবশ্যই পাকিস্তানি বোলারদের। উইকেট যে ক্রমশ ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে উঠছে, তা কিন্তু পাকিস্তান ব্যাটিং করতে নামার পরও বোঝা গেছে।
সত্যি বলতে, বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্তে আমিও একটু অবাক হয়েছি। তবে এখন বাংলাদেশি ব্যাটসম্যানদের উচিত এই সুযোগটা যতটুকু পারা যায় কাজে লাগানো।
জিততে হলে বিশ্ব রেকর্ড করা চাই। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বাস্তবতা বলছে, আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। আমি তাই বলব, লক্ষ্যটা কত বিশাল, তা ভুলে গিয়ে আমাদের ব্যাটসম্যানদের চেষ্টা করা উচিত নিজেদের খেলাটা উপভোগ করার। যত বেশি সময় উইকেটে কাটানো যায়, সেভাবে ব্যাট করতে হবে। অনুপ্রেরণা হিসেবে খুলনায় আমাদের দ্বিতীয় ইনিংসটা তো আছেই।
আমি মনে করি, আজ প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। উইকেট ব্যাটিং করার জন্য খুব কঠিন হবে, এটা মাথায় রেখেই বলছি, আজ প্রথম সেশনটা বাংলাদেশ উইকেটশূন্য কাটাতে পারলে ড্রেসিং রুমের আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেক। পরের ব্যাটসম্যানদের যা কাজে লাগবে।
তামিম এখনো উইকেটে আছে, মুমিনুল ওর সঙ্গে। দুজনেই জানে কীভাবে নিজেদের ব্যাটিংটা উপভোগ করতে হয়। প্রথম সেশনে এ দুজনের ওপরেই অনেক কিছু নির্ভর করছে।