আজ ফিরছে ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি কার্যালয়ে কাল ছোটখাটো একটা সভাই হয়ে গেল। সভার অঘোষিত সভাপতি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। ‘পারিষদ’ হয়ে থাকলেন বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। আলোচ্য বিষয়, বাংলাদেশ দলকে স্বাগত জানানো।
মেলবোর্ন থেকে অ্যাডিলেড ও দুবাই হয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে তাদের ফেরার মুহূর্তটিকে যে অন্তত বিসিবির পক্ষ থেকে খুব বর্ণাঢ্য করার সম্ভাবনা নেই, সেটা কালকের সভাই বলে দিল। করার উপায়ও যে নেই! সভাপতি নাজমুল হাসানসহ বিসিবির অনেক কর্মকর্তাই এখনো অস্ট্রেলিয়ায়। তাঁরা দেশে ফিরবেন বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দেখে। তাতে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফি বিন মুর্তজার দলকে স্বাগত জানানোর লোকেরই সংকট দেখা দিতে পারে! যদিও সিদ্ধান্ত হয়েছে, কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করে ফেরা ক্রিকেটারদের স্বাগত জানানো হবে ফুলের মালায় ও মিষ্টি খাইয়ে। এরপর বিমানবন্দর থেকেই যে যাঁর মতো চলে যাবেন যাঁর যাঁর গন্তব্যে।
জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে বড় কিছু করার পরিকল্পনা না থাকলেও বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে অনেক সংবর্ধনা। ‘রাষ্ট্রীয়ভাবে একটা সংবর্ধনা তো দেওয়া হবেই। বিসিবিও নিশ্চয়ই সে রকম কিছু করবে। এ ছাড়া ব্যক্তিগতভাবেও কেউ কেউ খেলোয়াড়দের পুরস্কৃত করতে চাইছেন’—কাল মুঠোফোনে বলছিলেন তিনি। তবে সবকিছুই হবে ২৯ মার্চের বিশ্বকাপ ফাইনাল শেষে।
বিসিবির আজ বড় কিছু করার পরিকল্পনা না থাকলেও সমর্থকেরা বসে নেই। বাংলাদেশ দলের বীর ক্রিকেটারদের বরণ করে নিতে কত যে তাঁদের পরিকল্পনা! বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) প্রধান জুনায়েদ পাইকার যেমন জানালেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা বিকেল পাঁচটার দিকেই হাজী ক্যাম্পের সামনে থেকে সারিববদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে যাবে। ক্রিকেটারদের অভিনন্দন জানাতে থাকবে নানা রঙের ব্যানার ও দুটি ব্যান্ড পার্টি।’
শুধু বিসিএসএ-ই নয়, এ রকম আরও অনেক সমর্থক গোষ্ঠীরই পরিকল্পনা আছে বিমানবন্দরে গিয়ে ক্রিকেটারদের বরণ করে নেওয়ার। তবে খেলোয়াড়দের খুব কাছে যাওয়ার সুযোগ তাঁরা পাবেন বলে মনে হয় না। বাংলাদেশ দলের দেশে ফেরার দিনটিতে বিসিবি আর সবকিছুর চেয়ে বেশি নজর দিচ্ছে নিরাপত্তার দিকে। তা ছাড়া দুই মাসের সফর শেষে ক্রিকেটাররা দেশে ফিরছেন দীর্ঘ বিমানভ্রমণ করে। মেলবোর্ন থেকে অ্যাডিলেড ১ ঘণ্টা ১০ মিনিটের ফ্লাইট। সেখান থেকে দুবাই ১৩ ঘণ্টা। আর দুবাই থেকে ঢাকা আসতে লাগবে পাঁচ ঘণ্টার মতো। পথের যাত্রাবিরতি তো আছেই। জালাল ইউনুস বলছিলেন, ‘দীর্ঘ বিমানভ্রমণ শেষে খেলোয়াড়েরা খুব ক্লান্ত থাকবে। বিমানবন্দরে তাই তাদের বেশিক্ষণ রাখতে চাই না। ওরা যাতে তাড়াতাড়ি নিরাপদে বাসায় ফিরে যেতে পারে, সেটাই আমরা চেষ্টা করব।’
বাংলাদেশ দলের সব খেলোয়াড়-কর্মকর্তা আজ দলের সঙ্গে ফিরছেন না। কাঁধে অস্ত্রোপচার করানো এনামুল হক ফিরে এসেছেন কাল বিকেলেই, রাতে সস্ত্রীক ফিরেছেন সাকিব আল হাসানও। বিগ ব্যাশে খেলার জন্য সাকিব বাংলাদেশ দলের আগেই অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। সিঙ্গাপুর এয়ারলাইনসে ফিরতি টিকিটটা কাটা হয়ে গিয়েছিল তখনই। এ ছাড়া বিদেশি কোচিং স্টাফরাও চলে গেছেন ছুটিতে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন অস্ট্রেলিয়ায় থেকে গেছেন। দুবাই পর্যন্ত দলের সঙ্গে এসে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল গেছেন লন্ডন, বোলিং কোচ হিথ স্ট্রিক বুলাওয়ে এবং সহকারী কোচ রুয়ান কালপাগে কলম্বোতে।
বিশ্বকাপে বড় দলকে হারানোর স্বাদ বাংলাদেশ আগে পেলেও কোয়ার্টার ফাইনালে ওঠার সাফল্য এবারই প্রথম। এটাই বাড়িয়ে দিয়েছিল ১৬ কোটি মানুষের স্বপ্নের পরিধি। কিন্তু সেমিফাইনালে ওঠার স্বপ্নটা মার খেল আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তে। তা নিয়ে ক্ষোভ আছে, আছে আফসোস। তবে সব ছাপিয়ে লক্ষ্যপূরণের আনন্দটাই যেন বেশি! মাশরাফির দলের দেশে ফেরার দিনটা তাই সমর্থকদের কাছে উৎসবেরই উপলক্ষ।