আজ ফিরছেন মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাছে ১ রানে হারটা তাড়িয়ে ফিরবে বহুদিন। তবে অন্যভাবে দেখলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা বাংলাদেশ দলের সর্বোচ্চ ‘প্রাপ্তি’ও। সুপার টেনে কোনো বড় দলের বিপক্ষে এই ম্যাচেই তো জয়ের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছে মাশরাফি বিন মুর্তজার দল!
বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সেটা পূরণ হলেও এই পর্বে কোনো ম্যাচ জেতা হয়নি। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ মাশরাফিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচেও হেরে কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে আজ সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন মাশরাফি-সাকিবরা।
দলের সবাই অবশ্য আজ আসছেন না। শুভাগত হোম চৌধুরী কলকাতায় থেকে যাবেন ৩০ মার্চ পর্যন্ত। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ওখান থেকেই ছুটি কাটাতে চলে যাবেন লন্ডনে। চুক্তি শেষ বলে দেশেই থেকে যাবেন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পাওয়া পানিশ শেঠিও। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য বিদেশি সদস্যরা ছুটিতে যাবেন ঢাকায় এসে।
কয়েক দিনের মধ্যেই আইপিএল খেলতে আবার ভারতে যাওয়ার কথা সাকিব ও মুস্তাফিজের। জাতীয় দলের অন্য ক্রিকেটারদের ছুটিটা একটু লম্বাই। আগস্টের শেষ সপ্তাহে ভারতে একমাত্র টেস্টের সফর। তার আগে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো খেলা এখনো ঠিক হয়নি। অক্টোবরে ২ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। ২ টেস্ট, ৩ ওয়ানডের সঙ্গে ২টি টি-টোয়েন্টি ম্যাচও হবে ওই সিরিজে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে খেলোয়াড়েরা ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন। তবে এখনো ঠিক হয়নি লিগ শুরুর দিন-তারিখ।