আজ বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।’ ক্যারিবিয়ানে বাংলাদেশ দল আপাতত চর্চা করছে এটাই। বিমানের ফ্লাইট জটিলতায় কিটব্যাগ পৌঁছায়নি অনেকের। যে কজনের কিটব্যাগ আছে, তাঁদের ব্যাট-প্যাড-কেডস দিয়েই পরশু বিকেলে অনুশীলন করেছে গোটা দল। এভাবে অনুশীলন করেছে গতকাল সকালেও। কিন্তু আজ তো প্রস্তুতি ম্যাচ। জোড়াতালি দিয়ে অনুশীলনের কাজ চালানো গেলেও ম্যাচ খেলা কি সম্ভব?
সম্ভবত জোড়াতালি দিয়ে খেলতে হবেও না। ফোনে গ্রেনাডা থেকে ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ‘রোববারের আগে ভার্জিন আটলান্টিকের ফ্লাইট না থাকলেও বিশেষ ব্যবস্থায় অন এয়ারলাইনসে ওরা কিটব্যাগগুলো আজকের মধ্যেই (গতকাল) পাঠিয়ে দেবে বলেছে।’ শেষ পর্যন্ত কিটব্যাগগুলো ম্যাচের আগে পাঠাতে না পারলেও বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হাবিবুল। শুধু মাশরাফি বিন মুর্তজার বোলিং বুট না পাওয়া গেলে সেটাই ভাবনার কারণ হবে খানিকটা।
আজকের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রেনাডা। ম্যাচের ধরন বুঝে আজকের ম্যাচের বাংলাদেশ দল সাজানো হবে, জানালেন হাবিবুল, ‘আমরা চেষ্টা করব যাতে ১২-১৩ কিংবা ১৪ জনকেই খেলানো যায়। প্রস্তুতি ম্যাচে সাধারণত এভাবেই খেলা হয়। তবে ওরা যদি প্রকৃত ম্যাচের মতো করে খেলতে চায়, তাহলে প্রথম ওয়ানডের সম্ভাব্য দলটিকেই খেলানো হবে।’ গত দুদিন বাংলাদেশ দল অনুশীলন করেছে প্রথম দুই ওয়ানডের ভেন্যু সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তবে আজকের প্রস্তুতি ম্যাচ সেন্ট অ্যান্ড্রুর প্রগ্রেসর পার্কে।
গ্রেনাডা দলকে আজ নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ ওয়ানডে ও ২১টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। বাংলাদেশের সর্বশেষ ক্যারিবিয়ান সফরের তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিলেন মারমুখী এই ব্যাটসম্যান। একাডেমি দলের হয়ে বাংলাদেশ সফরও করে গেছেন বছর দুয়েক আগে। দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভন স্মিথও। ৩৩ টেস্ট ও ৪৭ ওয়ানডে খেলা ওপেনার এখন লড়াই করছেন দলে ফেরার। গ্রেনাডার ১৬ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া ক্রিকেটার আছেন আর একজনই। দুই টেস্ট ও ১টি ওয়ানডে খেলা ফাস্ট বোলার নেলন প্যাসকাল। তবে প্রতিপক্ষ দলের চেয়েও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।
কিটব্যাগ না পাওয়ার অস্বস্তিটুকু বাদ দিলে দল বেশ ফুরফুরে মেজাজেই আছে, জানালেন হাবিবুল, ‘লম্বা ভ্রমণ করে এসে পর্যাপ্ত বিশ্রাম নিয়েছে সবাই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই মন ভালো হয়ে যাওয়ার মতো। অনুশীলনের বাইরে বাকি সময়টুকু হোটেলের আশপাশেই টুকটাক ঘোরাফেরা করছে সবাই, হোটেলে একসঙ্গে আড্ডা দিচ্ছে। সবাই ভালো। এখন মাঠে ভালো খেলার অপেক্ষা।’