আজ ব্যাটিং শুরু করবেন মুশফিক

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে চোট পেলেন বাঁ হাতের বুড়ো আঙুলে। দ্বিতীয় ইনিংসে টিম সাউদির বাউন্সার তাঁকে পাঠিয়ে দিল মাঠেরই বাইরে। বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলেও ক্রাইস্টচার্চে তাঁর খেলা হয়নি আঙুলের চোটের কারণে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে তাই দেশে ফিরে আসতে হয়েছে নিউজিল্যান্ড সফর অসমাপ্ত রেখে।
দেশে ফিরে গত পরশু থেকে ফিটনেস টেস্ট শুরু করেছেন মুশফিক। ব্যাটিং শুরু করবেন আজ থেকে। কাল মুঠোফোনে জানালেন, ‘আঙুলের চোটের অবস্থা ভালোর দিকে। ফিটনেস ট্রেনিং শুরু করেছি। শনিবার (আজ) থেকে ব্যাটিং প্র্যাকটিস শুরু করব।’
ওয়েলিংটন টেস্টে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন ইমরুল। বাঁহাতি ওপেনারকে নিয়ে ইতিবাচক খবরই শুনিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী, ‘ওর ব্যথাটা প্রায় কমে এসেছে। ৩১ জানুয়ারি তার আবারও কিছু পরীক্ষা করা হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাঁজরে আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ভারত টেস্টের আগেই সেরে ওঠার আশা তাঁর, ‘ব্যথা অনেক কমেছে। ভারত সিরিজের আগেই আশা করি সেরে উঠব।’