আজ মাঠে খেলোয়াড় ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দুপুরে পুনেতে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন তিনি। একাদশ সাজানোর তাড়া নেই। দলের আগেই মাঠে নামতে হবে না। কয়েনটাও ছুড়তে হবে না শূন্যে। ২০০৮ সালে সর্বশেষ হয়েছিল এমন অভিজ্ঞতা। ভারতের একাদশে আছেন কিন্তু টস করতে হয়নি। নীল জার্সিতে যখন এউইন মরগানকে পাশে রেখে কয়েন শূন্যে ছুড়বেন বিরাট কোহলি, আনুষ্ঠানিকভাবেই শেষ হবে ধোনি-যুগ। শেষ হবে, তবে থেকে যাবে এর রেশ।
ভারতের অধিনায়ক হিসেবে ধোনির যে বিরাট অর্জন, শিগগিরই কি তা ভুলে যাওয়া সম্ভব? আইসিসির সব টুর্নামেন্ট জিতেছেন। ছোট-বড় মিলিয়ে দুটি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি। জিতেছেন এশিয়া কাপ। তাঁর নেতৃত্বে টেস্ট দলও ছিল শীর্ষে। টেস্ট নেতৃত্বের পর এবার পুরো নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ধোনি। ভারতের তিন ধরনের ক্রিকেট কোহলি-যুগের শুরু আজ। ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ দিয়ে। তবে ধোনির ভবিষ্যদ্বাণী, ভারতকে আরও আরও সাফল্য এনে দেবেন অধিনায়ক কোহলি। যোগ্য হাতেই ব্যাটনটা তুলে দিয়ে যাচ্ছেন।
নেতৃত্ব ছাড়ার পর পরশু প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই দলটার সম্ভাবনা ও অভিজ্ঞতা অনেক। যদি সংখ্যার দিক দিয়েও হয়, বিরাট আর এই দল সব ফরম্যাটে আমার চেয়ে বেশি জয় এনে দেবে ভারতকে। বেশ তরুণ দল হলেও এরই মধ্যে এরা দেশে ও দেশের বাইরে অনেক ম্যাচ খেলেছে। চাপের পরিস্থিতিগুলো দারুণভাবে সামলেছে।’
পরিসংখ্যানই প্রমাণ যে নেতৃত্ব উঠেছে যোগ্য হাতেই। ২০১৫ সালের জানুয়ারিতে কোহলি টেস্ট অধিনায়ক হওয়ার পর ২১ টেস্টের ১৪টিতে জিতেছে ভারত, একমাত্র পরাজয়টিও প্রায় দেড় বছর আগের। এ সময় ওয়ানডেতে ধোনির নেতৃত্বে ৩৩ ম্যাচের ১৫টিতে হেরেছে দল। কথা উঠেছে, এই পরিসংখ্যানও ধোনির হঠাৎ নেতৃত্ব ছাড়ার কারণ। হোক তা বোর্ডের চাপে কিংবা নিজের উপলব্ধিতে।
তবে ধোনি জানালেন, কোনো সিদ্ধান্তই তাঁর হুট করে নেওয়া নয়। টেস্ট ক্যারিয়ার ও অধিনায়কত্ব আকস্মিক ঘোষণায় ছাড়লেও পেছনে ছিল যুক্তি। অস্ট্রেলিয়ার সেই সফরে এক টেস্ট বাকি ছিল। ধোনি সরে গেছেন এ জন্যই যে পরবর্তী উইকেটকিপার ঋদ্ধিমান সাহা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পান। অস্ট্রেলিয়ায় নেতৃত্ব দিতে কেমন লাগে, বুঝতে পারেন পরবর্তী অধিনায়ক কোহলিও।
সীমিত ওভারের নেতৃত্ব ছাড়লেন সঠিক সময়ে। যাতে চ্যাম্পিয়নস ট্রফির আগে দলকে গুছিয়ে নিতে পারেন উত্তরসূরি। তা ছাড়া ধোনির সব সময়ই মনে হয়েছে, ভারতে অন্তত দুই অধিনায়ক তত্ত্ব খাটে না। ‘আমি মনে করি একটি দলের নেতা একজনই থাকা উচিত’—মন্তব্য করে ধোনি বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটে অধিনায়ক তিনিই, যাঁর জন্য সবাই উজাড় করে দেবে নিজেকে। ক্রিকইনফো।
কোহলিও তেমনই এক নেতা হবেন বলে বিশ্বাস ধোনির। আর তাঁকে পথ দেখাতে আরও কিছুদিন দলে তো আছেনই। এই ধোনি অবশ্য শুধুই খেলোয়াড় ধোনি!