আজ যা-ই হোক, এটাই সেরা বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বাজে ম্যাচ কোনটি?
তর্কের কোনো অবকাশই নেই। সেই ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে।
সেটি যে এমসিজিতেই হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? বাংলাদেশ দল তখন কীভাবে জানবে, ২০ দিন পর এই এমসিজিতেই সগৌরব প্রত্যাবর্তন ঘটবে তাদের। কাল বিকেল সাড়ে চারটা নাগাদ এমসিজির নেটে বাংলাদেশের অনুশীলন দেখতে দাঁড়ানো মেলবোর্নপ্রবাসী বাংলাদেশি ভদ্রলোকও জানতেন না। আশা করে দাঁড়িয়ে আছেন, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যদি একটু কথা বলতে পারেন!
কী বলবেন তাঁকে? ‘ক্ষমা চাইব। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখে এমন রাগ হয়েছিল! বাংলাদেশ হেরেছে বলে নয়, ফিল্ডিং দেখে মনে হয়েছিল খেলায় ওদের মনই নেই। কী ভুলটাই না বুঝেছিলাম ওদের! ১০ বছর ধরে মেলবোর্নে আছি। এর আগে কখনো এত মাথা উঁচু করে হাঁটিনি।’ মাশরাফির সঙ্গে মধ্যবয়সী ওই ভদ্রলোকের দেখা হয়ে থাকলে তাঁর এটাও বলার ছিল যে, পরদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ হারুক-জিতুক কিচ্ছু আসে যায় না। মাশরাফিরা যা দিয়েছেন, তাতেই তিনি তৃপ্ত।
বাংলাদেশের জন্য স্মরণীয় বিশ্বকাপ বললে এত দিন ২০০৭ ওয়েস্ট ইন্ডিজই মুখে চলে আসত। প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে তাদের টুর্নামেন্ট থেকেই বিদায় করে দেওয়া, সুপার এইটে তখন র্যাঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়...আট বছর আগের কথা, অথচ এখনো যেন চোখে ভাসে। যাতে আড়াল হয়ে যায় বারমুডার বিপক্ষে আরেকটি জয় ছাড়া বাকি ম্যাচগুলোতে শোচনীয়ভাবে হেরেছিল বাংলাদেশ। যেখানে এই বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের শ্রীলঙ্কা ম্যাচেও বাংলাদেশের ২৪০ রান। মেলবোর্নপ্রবাসী ওই ভদ্রলোক ঠিকই বলেছেন, আজ এমসিজিতে যা-ই ঘটুক না কেন, তাতে আসলেই কিচ্ছু আসে যায় না। এরই মধ্যে এটি বাংলাদেশের সেরা বিশ্বকাপ হয়ে গেছে। বাড়তি যদি কিছু পাওয়া যায়, সেটি হবে বোনাস।
আইসিসির দুই সহযোগী সদস্যদেশের বিপক্ষে জয়, সঙ্গে যেকোনো একটি ‘বড়’ দলকে ধরাশায়ী করা—এই লক্ষ্য কিন্তু এবারের মতো গত বিশ্বকাপেও অর্জিত হয়েছিল। সর্বনাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই অঙ্কের রানে অলআউট হয়ে যাওয়ার মহাবিপর্যয়। শুধু নেট রানরেটে পিছিয়ে থাকাতেই বাংলাদেশের আর কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি।
ফারুক আহমেদের একটি গর্ব আছে। ২০০৭ বিশ্বকাপের সময়ও তিনি প্রধান নির্বাচক, এবারও তা-ই। সেদিন তিনিই বলছিলেন, তাঁর সর্বোচ্চ চাওয়া ছিল তিনটি ম্যাচে জয়, যেখানে অধিনায়ক ও কোচের চোখে আঁকা ছিল চারটি ম্যাচ জয়ের স্বপ্ন। হয়তো সেটি গত বিশ্বকাপের অভিজ্ঞতার কথা মনে রেখেই। তিন জয়েই যে কোয়ার্টার ফাইনাল, তার কী নিশ্চয়তা! এবার আয়ারল্যান্ড যেমন তা খুব ভালো করে বুঝেছে।
খেলায় দক্ষতা তো অবশ্যই বড় ব্যাপার, তার পরও বোধ হয় ভাগ্যের একটু ছোঁয়া লাগে। কোয়ার্টার ফাইনালে নামার আগে পেছন ফিরে তাকালে এখন যেমন ব্রিসবেনে কাভারে ঢাকা গ্যাবার উইকেট চোখের সামনে ভেসে ওঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ওই একটি পয়েন্ট না পেলেও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠত। তবে পরের ম্যাচগুলোতে এমন নির্ভার হয়ে খেলতে পারত কি না সন্দেহ। ওই একটা পয়েন্টই বাংলাদেশকে এমন ‘ভয়ডরহীন ক্রিকেট’ খেলার সাহস জুগিয়েছে।
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর মেলবোর্নের গর্ব করার মতো অনেক কিছুই আছে। ‘বিশ্বের ক্রীড়া রাজধানী’ হিসেবে দাবিটাও এর মধ্যে। আবহাওয়ার খামখেয়ালি বাদ দিলে এই শহর আসলেই মুগ্ধতার প্রদর্শনী সাজিয়ে বসে আছে। শহরের বুক চিরে ইয়ারা নদী, সেটির তীর ঘেঁষে হাঁটার পথ। চাইলে শহরের প্রাণকেন্দ্র থেকে সেই পথ ধরে হেঁটেই আপনি পৌঁছে যেতে পারবেন এমসিজিতে। এর আগে পড়বে রড লেভার অ্যারেনা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটা এখানেই হয়।
আশপাশে আরও কয়েকটা স্টেডিয়াম। এমসিজির চারপাশে বিস্তৃত আঙিনা গিয়ে মিশেছে ইয়ারা পার্কে। হাঁটতে শুরু করলে কখন যে একটা পার্ক থেকে আরেকটা পার্কে চলে আসবেন টেরও পাবেন না। আমরা শুধু ক্রিকেটের জন্যই এমসিজিকে চিনি। কিন্তু এমসিজি শুধুই ক্রিকেটের নয়, এখানেই ভিক্টোরিয়া রাজ্যের সবচেয়ে মাদকতাময় খেলা ফুটি হয়। এমসিজির বাইরে ব্র্যাডম্যান-স্পন্সফোর্ড-ওয়ার্নের মূর্তি যেমন আছে, তেমনি ফুটির গ্রেটদেরও। এটিই ১৯৫৬ সালের অলিম্পিক স্টেডিয়াম। এমসিজি জাদুঘরে তাই ক্রিকেট যেমন আছে, তেমনি আছে অলিম্পিকের মশাল ও পদক। অন্য খেলার গ্রেটদের স্মারকও।
শেন ওয়ার্নও আছেন। রিয়েলিটি শোর মতো ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে সর্বকালের সেরা লেগ স্পিনার তাঁর বর্ণিল ক্যারিয়ারের গল্প শোনাবেন। শেষটা করবেন এই বলে যে, এমসিজি সাহসীদের কখনো খালি হাতে ফেরায় না। তাহলে বাংলাদেশই বা খালি হাতে ফিরবে কেন?
খেলায় অনেক কিছুই হতে পারে। কে ভেবেছিল, আইসিসি টুর্নামেন্ট এলেই দুর্দান্ত হয়ে ওঠা শ্রীলঙ্কা এমন নাস্তানাবুদ হবে ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকার কাছে! এমন তো হতেই পারে, বাংলাদেশ আজ খুব বাজেভাবে হেরে গেল। তাতেও তো সত্যিটা বদলাবে না যে, এই বিশ্বকাপে বাংলাদেশ নতুন করে চিনিয়েছে নিজেদের!
আজ যা-ই হোক না কেন, বাংলাদেশ খালি হাতে ফিরবে না। সাহসীরা খালি হাতে ফেরে না।