আজ যাচ্ছেন সাকিব

বাংলাদেশ দলের একাংশ সিডনি পৌঁছে গেছে পরশু। আরেক ভাগ রওনা হয়েছে কাল রাতে। তবে এই দলে নেই সাকিব আল হাসান। তাঁর রওনা হওয়ার কথা আজ।
মাশরাফি বিন মুর্তজা-তামিম ইকবাল–মাহমুদউল্লাহর সঙ্গে কাল অস্ট্রেলিয়া রওনা দিয়েছেন বিপিএলের ফাইনাল খেলা মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তানভীর হায়দার। ভিসা পেতে দেরি হওয়ায় এক দিন পরে যাবেন পেসার রুবেল হোসেন ও শেষ মুহূর্তে যোগ হওয়া মেহেদী মারুফ।
ফাইনালের পর এক দিন ছুটি নিয়েছেন সাকিব। বিপিএল জয়ের পর পরশু সংবাদ সম্মেলনে বাঁহাতি অলরাউন্ডার নিউজিল্যান্ড সফর নিয়ে বলেছেন, ‘ওটা আমাদের জন্য ভিন্ন কন্ডিশন। দীর্ঘদিন পর আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। গত বিশ্বকাপের পর এমন কন্ডিশনে খেলিনি। আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। আশা করি, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পটা কাজে দেবে। যে সংস্করণটা আমরা সবচেয়ে ভালো খেলি, সেই ওয়ানডে দিয়েই শুরু হবে সফর। শুরুটা ভালো করতে পারলে আশা করি পুরো সিরিজই ভালো যাবে।’
খেলোয়াড়েরা কয়েক ভাগে গেলেও সিডনিতে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে আজই।