আজ যাচ্ছেন 'নিঃসঙ্গ' সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

মিরপুরের ইনডোরে কাল দুপুরের দিকে তুমুল উত্তেজনা। নেট বোলারদের সঙ্গে বাজি ধরে ব্যাটিং করছিলেন সোহাগ গাজী। এক ওভারে নিতে হবে ১২ রান। সেই বাজিতে জয়-হার নিয়ে হইচই, চেঁচামেচি, হাসাহাসি। এই হাস্যোজ্জ্বল, খুনসুটিতে মত্ত সোহাগকে দেখে কে বলবে, জীবনের কঠিনতম পরীক্ষার সামনে দাঁড়িয়ে তিনি!
ওসব হাসি-ঠাট্টা আসলে নিজেকে নির্ভার রাখার চেষ্টা। আদতে বুকে চেপে আছে তাঁর বিষম ভার। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠা মানে তো ক্রিকেটার সত্তা নিয়েই টানাটানি। অনিশ্চয়তার সেই অনুভূতির সঙ্গে আবার যোগ হয়েছে নিজ দেশের ক্রিকেট বোর্ডের উপহার দেওয়া দুশ্চিন্তা। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন সোহাগ। ভীষণ নিঃসঙ্গ এ সফর। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষায় বিসিবি তাঁকে পাঠাচ্ছে একাই!
প্রসঙ্গটা তুলতেই চুপসে গেল সোহাগের হাসি মুখ, ‘একটু-আধটু নার্ভাস আগে থেকেই লাগছিল। এখন আরও বেশি লাগছে। একা একা যাব...খারাপ লাগছে খুব।’ সঙ্গে সঙ্গেই যোগ করলেন, ‘সমস্যা নেই। বোর্ড যা ভালো মনে করেছে, তাই করেছে। অসুবিধা হবে না। আশা করি ভালোভাবেই পরীক্ষা দিয়ে ফিরব।’ বোঝার অপেক্ষা রাখে না, সোহাগের এ কথায় মিশে আছে রাজ্যের অভিমান। সোহাগের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ থেকেই সোহাগ বলে আসছিলেন তাঁর সঙ্গে কাউকে পাঠাতে।
সোহাগ যেখানে যাচ্ছেন, কার্ডিফের সেই মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবেই গত জুনে পরীক্ষা হয়েছিল শ্রীলঙ্কান অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকের। লঙ্কান বোর্ডের তিনজন কর্মকর্তা ছিলেন সেনানায়েকের সঙ্গে। আগস্টে ব্রিসবেনের ল্যাবে পরীক্ষা দিয়েছিলেন সাঈদ আজমল। পাকিস্তান দল তখন শ্রীলঙ্কা সফরে। তবু আজমলের সঙ্গী হয়েছিলেন পিসিবির এক কর্মকর্তা। আর সোহাগকে পাঠানো হচ্ছে একা! ভ্রমণপথের ঝামেলা, আনুষঙ্গিক সবকিছু সামলানোর জন্যও অন্তত একজন সঙ্গী লাগে। তবে এর চেয়েও বেশি প্রয়োজন অন্য সময়। নার্ভাস হয়ে যখন বিমানে চাপবেন সোহাগ, পরীক্ষার আগের রাতটি কাটতে পারে নির্ঘুম, দুরু দুরু বুকে যাবেন ল্যাবে, কত শত দুশ্চিন্তা-ভাবনার দোলাচল চলবে মনে। এ সময় সাহস জোগাতে, মানসিক সমর্থন দিতে পাশে একজনকে লাগেই।
দুবাই থেকেই অবশ্য আইসিসির একজন কর্মকর্তা সঙ্গী হবেন সোহাগের। কার্ডিফেও সোহাগের সঙ্গে থাকবেন তিনি, ফেরার পথে আসবেন আবার দুবাই পর্যন্ত। ভাষার দূরত্বটা যদিও থাকবে, তার পরও আনুষঙ্গিক দেখভাল না হয় তিনিই করবেন, তবে আইসিসি কর্মকর্তার কাছ থেকে তো আর মানসিক সমর্থন আশা করা যায় না। নিজ ভাষার, নিজ দেশের, নিজ বোর্ডের, চেনা বা আপন কারও সোহাগ বোধ করবেনই। তা ছাড়া আচমকা কোনো জটিলতাও সৃষ্টি হতে পারে।
সোহাগের সঙ্গে কাউকে না পাঠানোয় বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর যুক্তি, ‘রিহ্যাব হলে হয়তো কাউকে পাঠাতাম আমরা সঙ্গে। ওকে তো কোনো রিহ্যাব প্রোগ্রাম দেওয়া হবে না। স্রেফ পরীক্ষা দিয়ে চলে আসবে। দুবাই থেকে আইসিসির একজন তো থাকবেই সঙ্গে।’ ‘রিহ্যাব’ প্রসঙ্গটাই এখানে অবান্তর। পরীক্ষায় সোহাগের অ্যাকশন অবৈধ প্রমাণ হলেও এমন কিছু বাতলে দেওয়া হবে না। অ্যাকশন শোধরানোর উদ্যোগ ক্রিকেটার আর তাঁর দেশের বোর্ডকেই নিতে হয়। ক্রিকেট বোর্ডের একটি সূত্র অনুযায়ী, সোহাগের সঙ্গে কাউকে না পাঠানোর কারণ—খরচ বাঁচানো। অথচ বিজনেস ক্লাসে সোহাগের যাওয়া-আসা, কার্ডিফে পাঁচতারকা হোটেলে থাকা ও অভ্যন্তরীণ যাতায়াতের সব খরচ আইসিসিই দিচ্ছে। সঙ্গীর খরচ শুধু বিসিবিকে দিতে হতো। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনের জন্য সেটি কোনো ব্যাপার হওয়ার কথা নয়।
ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরও সোহাগ যথেষ্ট মানসিক সমর্থন পেয়েছেন কি না, এ নিয়ে প্রশ্ন আছে। সোহাগ নিজে এ ব্যাপারে অনুমিত কারণেই কিছু বলেননি, তবে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, বোর্ড প্রেসিডেন্ট, পরিচালক বা নির্বাচকদের কেউ একবার ফোন করেও তাঁর খোঁজ নেননি বা সাহস দেননি।
দুশ্চিন্তার সঙ্গে একটু অভিমানও সঙ্গী করেই আজ যাচ্ছেন সোহাগ। সন্দেহের জাল থেকে মুক্তির লড়াইয়ে জিততে।