আজ শুধুই সিরিজ জয়ে চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ হাথুরুসিংহের সঙ্গে অধিনায়ক মাশরাফি। আজ শেষ টি-টোয়েন্টিতে জয়টাকেই পাখির চোখ করছেন দুজন। কাল খুলনায় l শামসুল হক
কোচ হাথুরুসিংহের সঙ্গে অধিনায়ক মাশরাফি। আজ শেষ টি-টোয়েন্টিতে জয়টাকেই পাখির চোখ করছেন দুজন। কাল খুলনায় l শামসুল হক

দুটি পরিবর্তন নিশ্চিত। তামিম ইকবাল ও আরাফাত সানি আজ শেষ টি-টোয়েন্টিতে খেলবেন। খেলতে পারেন তাসকিন আহমেদও। এটা মোটামুটি নিশ্চিত যে মুক্তার আলী দলের বাইরে চলে যাচ্ছেন। অন্যদের কথা অবশ্য কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মুঠোফোনে জানালেন, রাতে কোচের সঙ্গে তাঁর বসার কথা আছে। তখনই হয়তো পরিষ্কার হয়ে উঠবে জিম্বাবুয়ের বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টির একাদশের চেহারাটা। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কাছ থেকে টিম ম্যানেজমেন্টের কাছে যে বার্তা গেছে, তাতে পরীক্ষা-নিরীক্ষা বাদ দিয়ে আজ সিরিজ জয়ের দিকেই চোখটা বেশি থাকবে বাংলাদেশ দলের। নামানো হবে সম্ভাব্য সেরা একাদশ। আর পরীক্ষা-নিরীক্ষা যদি কিছু হয়ও, আগের ম্যাচগুলোর মতো সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে হবে না। হবে আজকের ম্যাচে জয় নিশ্চিত করার স্বার্থে।
মাশরাফির কথায়ও তেমন আভাস, ‘শেষ ম্যাচে তো জয়ের বিকল্প কিছু নেই। এই যে এত কথাবার্তা, এত পরীক্ষা, সব তো জেতার জন্যই।’ গত ম্যাচে হারের জন্য অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাকে দায়ী করছেন তিনিও। তাই বলে অধিনায়ক এটা মনে করেন না যে এসবের একদমই দরকার ছিল না, ‘এটা ঠিক যে প্রথম দুই ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচের পরীক্ষা-নিরীক্ষা সীমার বাইরে চলে গেছে। তবে আমরা যদি আবার ওই ম্যাচটা জিতে যেতাম, তাহলে এসব নিয়ে এত কথা হতো না।’
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কাল কোনো দলই অনুশীলন করেনি। বিশ্রামে ছিলেন দুই দলের খেলোয়াড়েরাই। তবে বাংলাদেশ দলের সঙ্গে থাকা মুস্তাফিজুর রহমান মাঠে গেছেন। পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থাকায় ফিজিওর সঙ্গে কিছু কাজ করেছেন তিনি। শেষ দুই ম্যাচের ১৪ জনের দলে না থাকলেও আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে আনার ঘোষণা দিয়ে আজ মুস্তাফিজকে খেলানোর একটা সম্ভাবনা শোনা যাচ্ছিল পরশু রাত থেকেই। তবে কাল পর্যন্ত সেটি গুঞ্জনই থেকে গেছে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ এ প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলতে পারেননি। অন্য একটি সূত্র অবশ্য জানিয়েছে, বল করলে চোট বেড়ে যাওয়ার শঙ্কার কারণে শেষ পর্যন্ত নাকি বাদই দেওয়া হয়েছে মুস্তাফিজকে ফেরানোর চিন্তা।
কাল সকালে ঘণ্টা খানেক সময় নিয়ে টিম মিটিং হয়েছে হোটেলে, দলের ভাষায় যেটা ‘রিভিউ মিটিং’। গত ম্যাচের ব্যর্থতার পর্যালোচনার সঙ্গে শেষ ম্যাচের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কোচ-খেলোয়াড়-কর্মকর্তারা। সভা থেকে বেরিয়ে দলের ম্যানেজার বললেন, ‘সবাই জানে আমরা কাল (পরশু) আমাদের সেরা খেলা খেলতে পারিনি। জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে। তাদের ছোট করে দেখার কিছু নেই। তা ছাড়া টি-টোয়েন্টিতে সব দল সমান। তবু আমার বিশ্বাস, আমরা কাল (পরশু) ঘুরে দাঁড়াব।’ টিম মিটিংয়ের পর সিটি ইন হোটেলের ব্রিজ রুমেই মুখোমুখি বসেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক মাশরাফি।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এ রকম খণ্ড খণ্ড ‘সভা’ আরও হয়েছে দলের ভেতর। কোনোটা টিম ম্যানেজমেন্ট সদস্যদের, কোনোটা কোচ-খেলোয়াড়দের, এমনকি শুধু খেলোয়াড়দের আড্ডাগুলোও কখনো কখনো পরিণত হয়েছে ‘সভা’য়। অবশ্য এসব কিছু থেকে একটু যেন দূরেই রাখা হয়েছে নির্বাচক কমিটিকে। দলের সঙ্গে একই হোটেলে থাকলেও নির্বাচক হাবিবুল বাশারকে মনে হচ্ছে অতিথি। মিনহাজুল আবেদীন তো দ্বিতীয় ম্যাচের পরই চলে গেছেন ঢাকায়। পরশু রাতে দেশে ফেরা প্রধান নির্বাচক ফারুক আহমেদ আরও আগেই সবকিছু থেকে দূরে। কাছে থাকলেও অবশ্য কিছু করার ছিল না তাদের। গভীর সংকটে না পড়লে তো আর একাদশ নির্বাচনে নির্বাচকদের দ্বারস্থ হবেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে।