আজ শুরু জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় এবারও বিবর্ণ জাতীয় ক্রিকেট লিগ। বাংলাদেশ জাতীয় দল আগামীকাল রওনা হবে দক্ষিণ আফ্রিকা। দেশের প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই আজ শুরু হচ্ছে ১৯তম জাতীয় লিগ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে অবশ্য প্রথম রাউন্ডে পাচ্ছে প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট।

বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে খেলবেন গত আট বছরে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মাশরাফি। ম্যাচটি হবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। কক্সবাজারে প্রথম স্তরের অন্য ম্যাচে বরিশালের মুখোমুখি ঢাকা বিভাগ। চট্টগ্রামে দ্বিতীয় স্তরে মুখোমুখি চট্টগ্রাম ও ঢাকা মহানগর, রাজশাহীতে স্বাগতিকেরা খেলবে সিলেটের সঙ্গে। এবার দুই স্তরের লিগের সব ম্যাচই হবে ঢাকার বাইরে।

এবারও দলগুলো পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে। ছয় রাউন্ডের লিগ শেষে প্রথম স্তরের শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা, শেষ দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের শীর্ষ দলটি আগামী মৌসুমে খেলবে প্রথম স্তরে।

ক্রিকেটাররা এবার গতবারের চেয়ে বেশি টাকা পাবেন জাতীয় লিগে। ১০ হাজার টাকা বাড়িয়ে এবার ম্যাচ ফি করা হয়েছে ৩৫ হাজার টাকা।

এক নজরে জাতীয় লিগ

৫, সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে তিনটি দল—রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগ।

সবচেয়ে বেশি রান

৬১৪২, রাজিন সালেহ

সর্বোচ্চ ইনিংস

৩১৩*, রকিবুল হাসান, বরিশাল-সিলেট, ২০০৬-০৭

সবচেয়ে বেশি উইকেট

৩১৭, আবদুর রাজ্জাক

ইনিংসে সেরা বোলিং

৯/৮৪, আবদুর রাজ্জাক, খুলনা-চট্টগ্রাম, ২০১২-১৩

সর্বোচ্চ জুটি

৪২৩, মোসাদ্দেক-আল আমিন, বরিশাল-রংপুর, ২০১৪-১৫