আজ শুরু মেয়েদের প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মেয়েদের ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আজ ধানমন্ডি ক্রিকেট মাঠে পর্দা উঠছে মেয়েদের প্রিমিয়ার লিগের। প্রথম আসরের উদ্বোধনী দিনে ধানমন্ডি মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। বিকেএসপি ৪ নম্বর মাঠে আনসার ও ভিডিপির প্রতিপক্ষ রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
মেয়েদের ক্রিকেটে এর আগে ছিল ক্লাব কাপ ক্রিকেট ও মেট্রোপলিটন উইমেন ক্রিকেট লিগ। গত ডিসেম্বর-জানুয়ারিতে প্রথমবারের মতো হয়েছে প্রথম বিভাগ লিগ। মেট্রোপলিটন লিগের শীর্ষ ১০ ক্লাব ও প্রথম বিভাগের শীর্ষ দুই ক্লাব খেলছে আজ শুরু প্রিমিয়ার লিগে। ১২ ক্লাব প্রাথমিক পর্বে খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের শীর্ষ ৩টি করে দল খেলবে সুপার লিগে। তলানির দুটি করে দল খেলবে রেলিগেশন লিগে। প্রতিবছরই রেলিগেশন লিগে তলানিতে থাকা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। আর প্রিমিয়ারে উঠবে প্রথম বিভাগের শীর্ষ দুই দল।
আজ মাঠে নামা চার ক্লাবের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব। ‘বি’ গ্রুপে খেলবে আবাহনী, এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও রায়েরবাজার অ্যাথলেটিক।
প্রাথমিক পর্বে খেলা হবে ৪০ ওভারে। সুপার লিগ হবে ৫০ ওভারে। মেয়েদের লিগ অবশ্য সিসিডিএমের তত্ত্বাবধানে হচ্ছে না, আয়োজন করছে বিসিবির উইমেন উইং।