আজ শুরু স্মিথ-যুগ
অ্যাশেজে হেরে মাইকেল ক্লার্ক-যুগের অবসান হয়েছে, বেলফাস্টে আজ নতুন যুগের সূচনা হচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেটের। শুরু হচ্ছে স্টিভেন স্মিথের রাজত্বের। আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে দিয়েই অস্ট্রেলিয়ার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে স্মিথের। পাঁচ মাস আগে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নরা এ ম্যাচ দিয়েই আবার নামছে ৫০ ওভারের ক্রিকেটে।
অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব স্মিথ আগেও করেছেন। অনেক দিন ধরেই ক্লার্কের সহকারী হিসেবে কাজ করা স্মিথ তিনটি টেস্ট ও একটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন। এরপরও নতুন যুগের সূচনায় বেশ রোমাঞ্চিত টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান, ‘আমি খুব রোমাঞ্চিত। যদিও অনেক দিন ধরেই জানতাম ওয়ানডে দলের দায়িত্ব নিতে হবে আমাকে। তাই সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমি ভালোই পরিশ্রম করেছি।’
বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে। তবে স্মিথ মনে করেন না খুব বেশি পরিবর্তন আনতে হবে দলে, ‘সর্বশেষ যখন এই দলটা একসঙ্গে খেলেছে আমরা বিশ্বকাপ জিতেছি। তাই আমার মনে হয় না খুব বেশি কিছু বদলানোর দরকার আছে। র্যাঙ্কিংয়েও আমরা এক নম্বর। আমার ভাবনা হলো আমাদের মানটাকে আরও উঁচুতে তোলা এবং প্রতিদিনই আরও উন্নতি করা। এক দিক দিয়ে দেখলে এটা অস্ট্রেলীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা।’
স্মিথসহ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলটির আটজন আছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে। শুধু জো বার্নস ও মার্কাস স্টয়নিচই এখনো কোনো ওয়ানডে খেলেননি।
আয়ারল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে খেলার পর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে। এএফপি।