ভারতের সামনে কাঁপছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকাল থেকেই ভারতীয় ফিল্ডারদের এমন উল্লাস চলছে। ছবি: রয়টার্স
আজ সকাল থেকেই ভারতীয় ফিল্ডারদের এমন উল্লাস চলছে। ছবি: রয়টার্স

তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মনে হয়েছিল, ভারতের ভাগ্য ভালো! একটা দিন কাটিয়ে দিতে পেরেছে সফরকারীরা। চতুর্থ দিন সকালে অবশ্য সে ভাবনাটা গিলে নিতে হচ্ছে। বৃষ্টিভেজা উইকেট নাকি নিজেদের চোকিং মনোবৃত্তি—কারণটা বোঝা যাচ্ছে না, তবে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ১১ ওভারেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট প্রোটিয়ারা। জয়ের জন্য ভারতকে করতে হবে ২০৮ রান।

একটি দুঃসংবাদ নিয়ে দিন শুরু করেছে প্রোটিয়ারা। পায়ের চোটে টেস্ট থেকে ছিটকে গেছেন ডেল স্টেইন। একজন পেসার কম নিয়ে চতুর্থ ইনিংসে বল করতে হবে তাদের। তাই নিরাপদ একটা স্কোর গড়া বড্ড জরুরি ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু তারা যে সবাই কাঁপাকাঁপিতে ব্যস্ত। এমনই সে কাঁপন, ইনিংসের ভিত্তি পর্যন্ত নড়ে গেছে।

২ উইকেটে ৬৫ রান নিয়ে দিন শুরু করা দলটি প্রথম ধাক্কা খেয়েছে দ্বিতীয় ওভারেই। মোহাম্মদ শামির অনেক বাইরের এক বল অযথা তাড়া করতে গিয়ে আউট হয়েছে হাশিম আমলা। সে ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নাইট ওয়াচম্যানের দায়িত্ব পালন করা রাবাদা আউট (৭৩/৪)। রাবাদাও শামির শিকার। জশপ্রীত বুমরার বাড়তি বাউন্স সামলাতে না পেরে শূন্য হাতে যখন ফিরলেন ফাফ ডু প্লেসি, দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৮২। আর গোটা দশেক রান যোগ করতেই বুমরার দুর্দান্ত এক বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরেছেন ডি কক।

এবি ডি ভিলিয়ার্সও পারেননি দলকে বিপদমুক্ত করতে। শেষ ব্যাটসম্যান হিসেবে ৩৫ রানে আউট হয়েছেন ভিলিয়ার্স । তাঁকে আউট করতে সীমানায় আট ফিল্ডার পাঠানোর বুদ্ধিটা ভালোই কাজে লাগিয়েছেন বিরাট কোহলি।